দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের পর অবিস্ফোরিত আরও ১১টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বিস্ফোরণের পর অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া ও শেখপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই মধ্যে শুক্রবার সকালে কবিরাজপাড়া এলাকায় দুটি ককটেল বিস্ফোরিত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে স্থানীয় আব্দুল ওদুদ ও জালাল উদ্দীনের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি এ বিরোধ আরও তীব্র হয়। সংঘাতে জড়ানোর প্রস্তুতি হিসেবে ককটেলগুলো মজুত করা হয়েছিল বলে দাবি স্থানীয়দের।
সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১১টি ককটেল উদ্ধার করেছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে।
এমএস/