দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে ভাইপো রাকিবসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড গুলি ও ম্যাগাজিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) দিবাগত রাতে যশোর, গাজীপুর এবং ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে র্যাব-৬ যশোর ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
আটক আসামিরা হলেন, যশোর শহরের বেজপাড়া এলাকার আলোচিত ২৫টি মামলার আসামি মো. রাকিব ওরফে ভাইপো রাকিব (৩০), শার্শা উপজেলার দাউদখালী গ্রামের কাশেম আলীর ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি তরিকুল ইসলাম (৩৫), নড়াইলের লোহাগাড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের আলেক মোল্লার ছেলে ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জিকরুল আলম (৪৪), যশোর সদরের ঝাউদিয়া গ্রামের সানু ফকিরের ছেলে অস্ত্রধারী সন্ত্রাসী সাগর হোসেন (২১) ও একই গ্রামের বাসিন্দা আব্দুল কাদের (৩৪)।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, মঙ্গলবার দিবাগত (২৩ আগস্ট) রাতে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা একযোগে পাঁচটি পৃথক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে যশোরের আলোচিত সন্ত্রাসী ভাইপো রাকিবসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও অস্ত্রধারী পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, আসামিদের মধ্যে অন্যতম আসামি ভাইপো রাকিব দীর্ঘদিন ধরে যশোর জেলায় সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে আতঙ্ক সৃষ্টি করেছে। তার বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে। এছাড়াও তরিকুল ইসলাম মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আসামি জিকরুল আলম স্বর্ণ চোরাচালান মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। অন্য দুই আসামি সাগর হোসেন ও আব্দুল কাদের তাদের কাছে বিভিন্ন অবৈধ আগ্নেয়াস্ত্র রেখে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করতো। তাদের বিরুদ্ধেও একাধিক হত্যা চেষ্টা, ও বিষ্ফোরক আইনেও মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামত ও আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
জেবি