দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরবাড়িতে রাকিবুল হাসান বকুল ওরফে ন্যাংরা বকুল (৩৯) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী পারভীন আক্তার ও শাশুড়ি বুলবুলি ওরফে বুলিকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে ঝোপগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিহতের শ্বশুরবাড়ির একটি ঘরে এ ঘটনা ঘটে।
নিহত রাকিবুল হাসান বকুল বগুড়া সদর উপজেলার নিশিন্দারা উত্তরপাড়া এলাকার আব্দুল গনির ছেলে। প্রায় ১৭ বছর আগে পারভীন আক্তারের সঙ্গে তাঁর বিয়ে হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বকুল ও তার স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসা করা হলেও পরে আবারও তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে থানায় লিখিত অভিযোগও করা হয়েছিল বলে স্থানীয়রা জানান। দুই পরিবারের চলমান বিরোধ মীমাংসায় আগামী দুই দিনের মধ্যে সালিশ বসার কথা ছিল।
এরই মধ্যে বুধবার দুপুরে বকুল স্ত্রী পারভীনের বাড়ির সামনে গেলে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তাঁর বিরোধ হয়। একপর্যায়ে তাঁকে গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা।
সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত বকুলের বিরুদ্ধে দুটি অস্ত্র মামলা, দুটি মাদক মামলা ও একটি নারী নির্যাতন মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।
নিহতের চাচা সাইফুল ইসলাম বলেন, তার ভাতিজাকে একাধিকবার নির্যাতনের শিকার হতে দেখেছেন তাঁরা। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী ও শাশুড়িকে আটক করার সময় রমজান আলী নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাঁর ওপর হামলার চেষ্টা করেন নিহতের স্বজনেরা। পরে এসআরবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বগুড়ার এসআরবি স্কোয়াড কমান্ডার নাসির উদ্দিন বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হন। হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যে আই