দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী ও তার ১০ মাস বয়সী মেয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে টেপড়া বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সনিয়া (২৬) ও তার ১০ মাস বয়সী মেয়ে জান্নাত।
সনিয়া শিবালয় উপজেলার জাফরগঞ্জ পয়লা গ্রামের আরফান আলী শেখের মেয়ে। তার স্বামী মো. আবুল হোসেন টাঙ্গাইল জেলা কারাগারের কারারক্ষী। তিনি দৌলতপুর উপজেলার খলসী গ্রামের বাসিন্দা। সনিয়া মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
নিহতের স্বামী আবুল হোসেন বলেন, তিনি সাত দিনের ছুটিতে স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিলেন। স্ত্রীর মাস্টার্সের ইনকোর্স পরীক্ষা শেষ হওয়ায় শনিবার সকালে পরিবার নিয়ে মোটরসাইকেলে কর্মস্থল টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন। টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে উল্টো পথে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
তিনি বলেন, বাসটি উল্টো পথে আসায় ভয় পেয়ে তার স্ত্রী কোলে থাকা শিশুসহ মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় বাসের ধাক্কায় স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হন। দ্রুত তাদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তার স্ত্রীকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটিও মারা যায়। বাসটি উল্টো পথে না এলে স্ত্রী ও মেয়েকে হারাতে হতো না উল্লেখ করে তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, টেপড়া বাসস্ট্যান্ডে সড়ক বিভাজকের উত্তর পাশ দিয়ে মোটরসাইকেলটি যাওয়ার সময় বিপরীত দিক থেকে সড়ক বিভাজকের উল্টো পাশ দিয়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা নারী ও শিশুটি সড়কে পড়ে গুরুতর আহত হন।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নারী ও শিশুটিকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত গোল্ডেন লাইন পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব ১২-২০০১) উথলী এলাকা থেকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাম্মি বলেন, নারীটি হাসপাতালে মৃত অবস্থায় এসেছিলেন। ১০ মাস বয়সী শিশুটি তখনও জীবিত ছিল। চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এমএস/