দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে। দীর্ঘদিনের জঞ্জাল থেকে বের হতে এখন অনেক শ্রম ও ত্যাগ স্বীকার করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, আমাদের অনেক যুদ্ধ, লড়াই, সংগ্রাম ও আন্দোলনের পরও অভাব-অনটন থেকে বের হতে পারিনি। এর মধ্যে ১৭ বছরের অরাজনৈতিক ও অগণতান্ত্রিক পরিবেশ আমাদের আকড়ে ধরে রেখেছিল। এতে আমার-আপনার জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে।
তিনি বলেন, ১৭ বছরের জঞ্জাল ১৭ দিনে কিংবা সাত মাসে শেষ হয়ে যাবে—এমনটা ভাবা বা বলা ঠিক হবে না। দীর্ঘদিনের এই জঞ্জাল থেকে বের হতে আমাদের অনেক শ্রম দিতে হচ্ছে, ত্যাগ স্বীকার করতে হচ্ছে। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন ১২ থেকে ১৫ ঘণ্টা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। আমরাও সেভাবে সমন্বয় করে তার হাতকে শক্তিশালী করছি।
এ্যানি আরও বলেন, ১৭ বছরে আমরা অনেক কিছু হারিয়েছি। শিক্ষা বিস্তার থেকে বঞ্চিত হয়েছি, চাকরির বয়স হারিয়েছি, সমাজের জন্য কিছু করতে পারিনি, পরিবারকে সময় দিতে পারিনি। দেশের জন্য কিছু করার এবং দেশকে কিছু দেওয়ার সুযোগও হারিয়েছি। এখান থেকে মুক্ত হওয়ার জন্য অনেক লড়াই-সংগ্রাম করতে হয়েছে।
তিনি বলেন, এই প্রজন্ম গত ১৭ বছরের সময়ের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। তারা জুলাই আন্দোলন করেছে, মেধার জন্য লড়াই করেছে এবং কোটার বিরুদ্ধে সংগ্রাম করেছে।
প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. কাজী মো. নুর-উল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ নুরুল আমিন প্রমুখ।
এমএস/