দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সমাজের বিভিন্ন অপকর্ম ও নারীঘটিত ঘটনার সঙ্গে বিরোধী দল জড়িত বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর শহীদ মজাফরুল মনির উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নদীতীর সংরক্ষণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী এ্যানি বলেন, সমাজের যত অপকর্ম, নারীঘটিত সব কিছুর সঙ্গে বিরোধী দল জড়িত। দেশের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে বিরোধী দল ও ফ্যাসিবাদ জড়িত বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে নদীভাঙন থেকে মানুষের বসতবাড়ি, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন পানিসম্পদ মন্ত্রী। রহমতখালী নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য শিগগিরই ৩০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, লক্ষ্মীপুরের আয়োজনে বাংলাদেশ সাসটেইনেবল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় সদর উপজেলার প্রায় ১০ কিলোমিটার নদীতীরের ২৭টি স্থানে তীর সংরক্ষণ কাজ শুরু হয়েছে। অনুষ্ঠানে দেওয়া তথ্য অনুযায়ী, জিও-সিমেন্টের তিনটি প্যাকেজে এ কাজে ব্যয় ধরা হয়েছে ৬০ কোটি টাকা।
এর আগে ভবানীগঞ্জ ইউনিয়নের নদীভাঙনপ্রবণ এলাকায় তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করেন মন্ত্রী। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ২৭টি ঝুঁকিপূর্ণ স্থানে বাস্তবায়নাধীন এ কাজের মাধ্যমে নদীতীরের ভাঙন ঠেকানোর পাশাপাশি স্থানীয় জনবসতি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে বিভিন্ন এলাকার মানুষ ঝুঁকিতে রয়েছেন। কাজটি যথাযথভাবে ও দ্রুত বাস্তবায়ন হলে নদীভাঙন কমার পাশাপাশি মানুষের জানমাল ও সম্পদ রক্ষা হবে বলে আশা করছেন তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমএস/