দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী রেজাউল ইসলামের ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে ১০০ টাকা নেওয়ার পাশাপাশি নোটিশ জারির জন্য অতিরিক্ত টাকা না দিলে নোটিশ ক্যানালে ফেলে দেওয়ার হুমকি দিতে শোনা যায় তাকে।
বৃহস্পতিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অফিস সহকারী রেজাউল ইসলামের হাতে ১০০ টাকার একটি নোট। এ সময় তাকে বলতে শোনা যায়, একটি নোটিশ জারি করতে ১৪০ টাকা খরচ হয়। টাকা না দিলে পরবর্তীতে নোটিশ ক্যানালে ফেলে দেওয়ার হুমকিও দেন তিনি।
ভিডিওতে আরও শোনা যায়, নোটিশ জারির জন্য বিভিন্ন খাতে টাকা খরচ হয় দাবি করে ওই ব্যক্তির কাছ থেকে নেওয়া ১০০ টাকা নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন রেজাউল। এ সময় ভুক্তভোগী জানতে চান, এভাবে টাকা দেওয়ার নিয়ম আছে কি না। জবাবে রেজাউল তাকে সহকারী কমিশনারের (ভূমি) কাছে গিয়ে নোটিশ জারির জন্য গাড়িভাড়া চাওয়ার বিষয়টি জানাতে বলেন।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি সংক্রান্ত নামজারি, জমাভাগ, খাজনা পরিশোধ কিংবা নোটিশ জারির মতো সাধারণ সেবার জন্য ভূমি কার্যালয়ে গেলে রেজাউল অতিরিক্ত টাকা দাবি করতেন বলে অভিযোগ রয়েছে। টাকা না দিলে ফাইল আটকে রেখে হয়রানি করা হতো বলেও অভিযোগ করেন তারা।
গত ১৪ সেপ্টেম্বর দুপুরে এক ভুক্তভোগী চাহিদামতো টাকা না দিয়ে ১০০ টাকা দেওয়াকে কেন্দ্র করে রেজাউলের সঙ্গে তর্কাতর্কি হয়। এ সময় ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করা হয়। পরে ভিডিওটি বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।
এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জনমনে ক্ষোভ সৃষ্টি হলে কর্তৃপক্ষ রেজাউল ইসলামকে চাপড়া ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে চাঁদপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে বদলি করে।
অভিযোগের বিষয়ে রেজাউল ইসলাম মুঠোফোনে বলেন, আমার ভুল হয়েছে। শাস্তি হিসেবে স্যারেরা আমাকে বদলি করেছেন। আমি আর এমন করব না।
কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার বলেন, বিষয়টি নজরে আসার পর ওই অফিস সহকারীকে বদলি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সিনিয়র স্যারেরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
এমএস/