দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে পঞ্চম দিনের মতো আন্দোলন চলছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা। এর মধ্যে সকাল থেকে গ্রাফিতি আঁকার পাশাপাশি দুপুরে লাল কার্ড প্রদর্শন করে নতুন উপাচার্যের নিয়োগের প্রতিবাদ জানান তারা।
সকাল সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে দেয়ালে গ্রাফিতি আঁকা শুরু করেন শিক্ষার্থীরা। গ্রাফিতির মাধ্যমে মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের প্রতিবাদ এবং অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবি তুলে ধরেন তারা।
পরে দুপুরে লাল কার্ড প্রদর্শন করে নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের নিয়োগ ও যোগদানের প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাহসিন ইফাজ বলেন, সকাল থেকেই গ্রাফিতির মাধ্যমে প্রতিবাদ জানানো হচ্ছে। গ্রাফিতি তাদের প্রতিবাদের একটি ভাষা। মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তন কেন করা হলো, সেটির প্রতিবাদ জানাতেই এ কর্মসূচি পালন করা হচ্ছে। অধ্যাপক সায়েমকে পুনরায় উপাচার্য হিসেবে চান তারা। একই সঙ্গে নতুন উপাচার্যের নিয়োগও প্রত্যাখ্যান করছেন শিক্ষার্থীরা।
এর আগে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে সর্বাত্মক শাটডাউন, গণঅবস্থান, মানববন্ধন, গণস্বাক্ষর, বিক্ষোভ মিছিল ও মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। শুক্রবার নতুন উপাচার্যের যোগদান প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিলও করেন তারা।
এদিকে একই দাবিতে চুয়েট শিক্ষক সমিতি রোববার থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দিয়েছে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মসূচি ঘোষণায় বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট আরও বিস্তৃত হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্যের পদ থেকে অব্যাহতি দিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ওই রাত থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরদিন থেকে শুরু হয় সর্বাত্মক শাটডাউন। এখন পর্যন্ত ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
এমএস/