দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি মিনি কাভার্ড ভ্যানের সংঘর্ষে ট্রেনটির পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে পটিয়া উপজেলার কমল মুন্সির হাট বাজারসংলগ্ন চক্রশালা রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকাগামী আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চক্রশালা রেলস্টেশন এলাকা অতিক্রম করছিল। এ সময় রেললাইনের একেবারে পাশে একটি মিনি কাভার্ড ভ্যান অবস্থান করছিল। ট্রেনটি কাছে এলে ভ্যানটির সঙ্গে তীব্র সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর কাভার্ড ভ্যানটি ট্রেনের ইঞ্জিনের সামনের অংশে আটকে যায়। পরে ট্রেনটি ভ্যানটিকে টেনেহিঁচড়ে আনসার ক্যাম্পসংলগ্ন মল্লাপাড়া এলাকা পর্যন্ত নিয়ে যায়। এ সময় বিকট শব্দ ও ধাক্কায় ট্রেনটির পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়।
পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার আবদুস সালাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রেললাইনের পাশে ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এতে ইঞ্জিনের ধাক্কায় কাভার্ড ভ্যানটি কিছুটা দূরে চলে যায় এবং ট্রেনের পেছনের বগিগুলো লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় কোনো প্রাণহানি হয়নি।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর কক্সবাজার এক্সপ্রেস ঘটনাস্থলেই আটকা পড়ে আছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এমএস/