দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সুন্দরগঞ্জে হঠাৎ লোকালয়ে ঢুকে পড়া একটি পাগলা শিয়ালের একের পর এক হামলায় শিশু, নারী ও পুরুষসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে। আকস্মিক এ হামলায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হঠাৎ একটি পাগলা শিয়াল লোকালয়ে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই পথচারী ও বাড়ির আশপাশে থাকা মানুষের ওপর হামলা শুরু করে। শিয়ালের কামড়ে একে একে শিশু, নারী ও পুরুষ আহত হলে আতঙ্কে ছুটোছুটি শুরু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহতদের মধ্যে জিগাবাড়ী গ্রামের মো. মুকুল মিয়ার স্ত্রী মোছা. রাবেয়া বেগম (৩৮), তার ছেলে মো. রাকিবুল হাসান (১৩), মো. ইয়াকুব আলীর ছেলে মো. এনামুল হক (২৬), মো. আব্দুল আহাদ আলীর মেয়ে মোছা. আয়শা আক্তার (৩) ও মো. আব্দুর রহিমের ছেলে মো. হাসান মিয়া (৭) রয়েছেন। একই ইউনিয়নের তালুক বেলকা গ্রামের মো. জমশের আলীর স্ত্রী মোছা. নিলি বেগম (৪০), মৃত কামাল উদ্দিনের ছেলে মো. সাদেক হোসেন (৭০), মো. আব্দুল হান্নান মিয়ার স্ত্রী মোছা. আফরুজা বেগম (৩৭) এবং মো. শফিউল ইসলামের ছেলে মো. শাওন মিয়া (৬)ও আহত হয়েছেন।
হামলার পর শিয়ালটি বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করায় আতঙ্ক আরও বেড়ে যায়। পরে স্থানীয়রা সন্ধ্যায় শিয়ালটিকে ধরে মেরে ফেলেন। স্থানীয়দের দাবি, শিয়ালটি হঠাৎ করেই লোকালয়ে ঢুকে পড়েছিল এবং কিছুক্ষণের মধ্যে একাধিক স্থানে হামলা চালায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, শিয়ালের কামড়ে আহত ৯ জনকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান বলেন, শিয়ালের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসা সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করা হচ্ছে না।
স্থানীয়রা জানান, শিয়ালের হামলার ঘটনায় এলাকার শিশু ও নারীরা আতঙ্কে রয়েছেন। বন বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
কেএম