দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর শনির আখড়ায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী সোলাইমান মিয়া (৪৩) নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন।
শনিবার (১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের শ্যালক মো. লিটন ব্যাপারী জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও পূর্বপাড়া গ্রামে। সোলাইমানের বাবার নাম আব্দুল মজিদ দেওয়ান। তিনি আলমারির মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
তিনি আরও জানান, সোলাইমানের পাশের বাড়ির এক ভাড়াটিয়া শনিবার রাতে স্ট্রোক করেন। পরে সোলাইমান ওই ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে তাকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে আসেন। রোগীকে হাসপাতালে ভর্তি করার পর রাতে বাসে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে ফোনে জানতে পারেন, ওই রোগী মারা গেছেন। খবর পেয়ে তিনি বাস থেকে নেমে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে আবার মিটফোর্ড হাসপাতালে ফিরছিলেন। পথে শনির আখড়ায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হিরণ ভুইয়া জানান, শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় মোটরসাইকেলের পেছন থেকে সোলাইমান রাস্তায় পড়ে গেলে পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে রাতেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেএম