দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে ১৩ বছর বয়সী এক কিশোরের। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
মঙ্গলবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
ওই কিশোরকে ঢামেকে নিয়ে আসা শিক্ষার্থী আসিফ বলেন, বাসায় যাওয়ার পথে দেখতে পাই শিশুটি ট্রেনে কাটা পড়ে পা বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে আছে। আমি সামনে গিয়ে দেখি সবাই ঘিরে বসে আছে, কেউ ছবি তোলায় ব্যস্ত, কেউ ভিডিও করতে। এ অবস্থা দেখে আমি সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯- এ ফোন করি। তবে সেখান থেকে দ্রুত সাড়া না মেলায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। শিশুটি এখন ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
এই শিক্ষার্থী আরও বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি শিশুটি পথশিশু। কমলাপুরগামী এক ট্রেনে কাটা পড়ে তার পা বিচ্ছিন্ন হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ট্রেনে কাটা পড়ে শিশুটির বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। শিশুটির নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।