দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলছে ঈদের টানা ৫ দিনের ছুটি। এ কারণে রাজধানীর ভেতরে চলাচলকারী গণপরিবহনের সংখ্যা অনেকটাই কম। ফলে ফাঁকা ঢাকায় মানুষ একটু স্বাচ্ছন্দে চলাচলের উপভোগ করে অনেকেই। কিন্তু বৃষ্টি কাল হয়ে গেলো রাজধানীবাসীর। আজ সকাল থেকেই মুষলধারে বৃষ্টি পড়ছে ঢাকায়। এর ফলে রাজধানী বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাজটের।
জলজট এবং গণপরিবহন কম থাকায় গন্তব্যে যেতে বাড়তি ভাড়া চাচ্ছেন রিকশাচালক ও সিএনজিচালকরা। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী এবং ঢাকা ছেড়ে বাড়ির উদ্দেশে রওনা হওয়া যাত্রীদের।
এছাড়া, বৃষ্টির কারণে কুরবানির জন্য কেনা গবাদি পশু নিয়ে অনেকেই ভোগান্তিতে পড়েছেন। কেউবা বৃষ্টি এড়িয়ে রাস্তার আশেপাশে শুকনো জায়গায় পশুসহ ঠাঁই নিয়েছেন। পশুর হাটেও জমেছে বৃষ্টির পানি। অনেক হাটে পর্যাপ্ত সামিয়ানা না থাকায় ভিজছে গবাদি পশু।
ঈদুল আজহার ছুটির দ্বিতীয় দিন সকাল থেকে বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা। আবার বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় সৃষ্টি হয়েছে যানজটের।
রাজধানীর বনশ্রী, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডিসহ বিভিন্ন জায়গায় সড়কে আটকে আছে বৃষ্টির পানি। ঈদের আগের দিন যারা কেনাকাটার প্রস্তুতি নিচ্ছিলেন, তারা সকাল থেকেই ঘরবন্দি হয়ে পড়েন। তবে দুপুরের পর বৃষ্টি কিছুটা কমলে তারা কেউ গরুর হাটে, আবার কেউবা শপিংমলের দিকে ছুটছেন।
রাজধানীর এক বাসিন্দা জানান, ‘সকাল থেকে বৃষ্টির কারণে বাসা থেকে বের হতে পারিনি। যদিও বৃষ্টি হওয়ায় গরম কমেছে।’ তিনি বলেন, ‘ঈদের আগের দিন বেশ কিছু কেনাকাটা করতে হবে। শিশুর জন্য কেনাকাটা শেষ না হওয়া পর্যন্ত স্বস্তি পাবো না।’
রাজধানীর গাবতলীর বাসিন্দা বাহাউদ্দীন বলেন, ‘আমাদের বাসা থেকে গাবতলী বাস স্ট্যান্ড পর্যন্ত রিকশা ভাড়া ৪০ টাকা। বৃষ্টির অজুহাতে ৮০ টাকা দিয়ে আসতে হয়েছে। এখন বাসের জন্য অপেক্ষা করছি।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগের দারুস সালাম জোনের সার্জেন্ট আলমগীর হোসেন বলেন, ‘গাবতলী দিয়ে গাড়ি প্রবেশ এবং বের হওয়া স্বাভাবিক রয়েছে। তবে গরুর হাট ও বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হচ্ছে। আমরা সব দিক মাথায় রেখেই দায়িত্ব পালন করে যাচ্ছি।’