দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর ডেমরা থানার সারুলিয়া মহাকাশ এলাকায় ৭ তলা ভবনে ছাদ ঢালাইয়ের সময় ক্রেন ছিঁড়ে শ্রমিকদের ওপর পড়েছে। এতে ঘটনাস্থলেই ৩ শ্রমিক নিহত হয়েছেন। তারা হলেন- মো. জাফর (৫০), মো. মিজান (৩২) ও মো. মোস্তফা (৪২)।
শনিবার (২৪ জুন) দুপুরের দিকে নয়াপাড়া নূর মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই নির্মাণশ্রমিক।
এ বিষয়ে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক জানান, নির্মাণাধীন ভবনের ৭ তলায় ঢালাইয়ের উপকরণ সিমেন্ট, বালুসহ মালামাল ক্রেনের সাহায্যে ওপরে ওঠানো হচ্ছিল। মালামাল নিয়ে যখন মাঝপথে যায়, তখন রশি ছিঁড়ে ক্রেনটি নিচে পড়ে যায়। তখন সেটি ভবনের নিচে থাকা শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
তিনি আরও জানান, একটি নির্মাণাধীন ভবনে কাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। আহত দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।