দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মুগদায় পাঁচতলা ভবন থেকে পড়ে মো. রবিন (২২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তবে পরিবারের অভিযোগ, তাকে ওই ভবন থেকে কেউ ফেলে দিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা মো. সোহাগ জানান, রবিন জুতার ব্যবসা করেন। সন্ধ্যার দিকে কয়েকজন বন্ধু তাকে ডেকে নিয়ে মুগদার মান্ডা হিরো মিয়ার গলি এলাকার একটি পাঁচতলা ভবনে যান। পরে ওই ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়। চাচার দাবি, রবিনকে ওই ভবন থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল থানা মুরাকাল গ্রামে। রবিনের বাবার নাম আব্দুল আউয়াল। মুগদার মান্ডার লেটকার গলির এলাকার সোরহাব মেম্বারের বাসায় ভাড়া থাকতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্ত্রের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরএ