দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনের বেশিরভাগ সময় আকাশে সাদা মেঘ দেখেই বুঝা যায় এখন শরৎকাল। এর মধ্যেই হঠাৎ আকাশ কালো করে মেঘ জমছে, নামছে বৃষ্টি। কখনও অনুভূত হচ্ছে গরম। আরও পাঁচ দিন বৃষ্টি থাকতে পারে। এছাড়া বাড়তে পারে তাপমাত্রা।
শনিবার (৯ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানিয়েছে।
আবহাওয়ার খবরে বলা হয়েছে, কিছুটা ব্যতিক্রম অবস্থা দেশের উপকূলজুড়ে। সেখানে বৃষ্টি বেড়েছে। কোথাও কোথাও ভারি বৃষ্টিও হচ্ছে। সেই সঙ্গে বইছে দমকা হাওয়া। নদী ও সমুদ্রতীরবর্তী এলাকায় তা ঝোড়ো হাওয়ায় রূপ নিচ্ছে। উপকূলে আরও কয়েক দিন এমন আবহাওয়া থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, প্রকৃতিতে শরৎকাল চললেও আবহাওয়ার হিসাবে এখনও বর্ষা মৌসুম শেষ হয়নি। ফলে থেমে থেমে বৃষ্টি চলবে। আগামী কয়েক দিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
এছাড়া আবহাওয়া অফিসের অপর বিজ্ঞপ্তি অনুযায়ী, সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, অন্যান্য বছরের একই সময়ের তুলনায় গত আগস্টে দেশে স্বাভাবিকের চেয়ে ৩৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। তাপমাত্রা গড়ে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। একই প্রবণতা চলতি সেপ্টেম্বরেও দেখা যেতে পারে।
জেডএ