দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে নতুন পূর্বাভাস দিয়েছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটার। ২৫ হাজার সম্ভাব্য ফল বিশ্লেষণের পর তাদের মডেল বলছে, আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা জয়ের দৌড়ে সামান্য এগিয়ে রয়েছে স্পেন।
অপটার হিসাব অনুযায়ী, স্পেনের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৫৯ দশমিক ৬ শতাংশ। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাবনা ৪০ দশমিক ৪ শতাংশ।
২৫ হাজার সিমুলেশনের মধ্যে ৪৫ শতাংশ ক্ষেত্রে নির্ধারিত ৯০ মিনিটেই স্পেনকে জয়ী দেখিয়েছে সুপার কম্পিউটার। ২৯ শতাংশ ক্ষেত্রে ম্যাচ ড্র হয়েছে, আর ২৬ শতাংশ ক্ষেত্রে নির্ধারিত সময়েই জয় পেয়েছে আর্জেন্টিনা।
অপটার বিশ্লেষণে বলা হয়েছে, স্পেনের দলগত ফুটবল, ম্যাচ নিয়ন্ত্রণের সক্ষমতা এবং শক্তিশালী রক্ষণভাগ তাদের এগিয়ে রাখছে। এই বিশ্বকাপে স্পেন প্রতি ম্যাচে প্রতিপক্ষকে গড়ে মাত্র ০.৩১ এক্সপেক্টেড গোল (এক্সজি) সুযোগ দিয়েছে। ১৯৬৬ সালের পর বিশ্বকাপ ইতিহাসে এটি যৌথভাবে সর্বনিম্ন।
তবে আর্জেন্টিনাকেও উড়িয়ে দিচ্ছে না অপটা। লিওনেল মেসির দল এবার টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে মাঠে নামছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত সাতটি ম্যাচই জিতেছে তারা। শিরোপা ধরে রাখতে পারলে ইতালি ও ব্রাজিলের পর টানা দুটি বিশ্বকাপ জেতা ইতিহাসের তৃতীয় দল হবে আর্জেন্টিনা।
অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য স্পেনের। লুইস দে লা ফুয়েন্তের দল টানা ৩৭টি অফিসিয়াল ম্যাচে অপরাজিত রয়েছে। গোলরক্ষক উনাই সিমোন ছয়টি ম্যাচে ক্লিন শিট রেখেছেন, যা স্পেনের শক্তিশালী রক্ষণভাগেরই প্রতিফলন।
ফাইনালের অন্যতম আকর্ষণ হতে পারে লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের মুখোমুখি লড়াই। অপটার মতে, দুজনই শুরুর একাদশে থাকলে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথমবার প্রতিপক্ষ দুই দলের শুরুর একাদশে থাকা দুই খেলোয়াড়ের বয়সের পার্থক্য হবে ২০ বছরের বেশি। বর্তমানে মেসির বয়স ৩৯ বছর এবং ইয়ামালের ১৯।
তবে অপটা উল্লেখ করেছে, সুপার কম্পিউটারের পূর্বাভাস সব সময় বাস্তবের সঙ্গে মেলে না। টুর্নামেন্ট চলাকালেই একাধিকবার তাদের পূর্বাভাস বদলাতে হয়েছে। তাই পরিসংখ্যান স্পেনকে এগিয়ে রাখলেও, শিরোপার ভাগ্য নির্ধারণ হবে মাঠের লড়াইয়েই।
এমএম/