দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের ফাইনালের আগে ম্যাচ পরিচালনায় কঠোরতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচকে সামনে রেখে তিনি বলেছেন, রেফারিকে পুরো ম্যাচজুড়ে নিয়ম কঠোরভাবে প্রয়োগ করতে হবে এবং কোনো দলকেই সীমা অতিক্রমের সুযোগ দেওয়া উচিত নয়।
স্পেন কোচের এই মন্তব্য এসেছে আর্জেন্টিনার আগের ম্যাচগুলোর রেফারিং নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে। শেষ ষোলোতে মিশরের বিপক্ষে ম্যাচ শেষে মিশর শিবির রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ তোলে। পরে এ বিষয়ে ফিফার কাছেও আনুষ্ঠানিক অভিযোগ জানায় তারা।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-কে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, ‘রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারেন না কিংবা নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের যে বৈধ সীমারেখা আছে, তা অবশ্যই বজায় রাখতে হবে।’
তবে রেফারিদের প্রতি নিজের আস্থার কথাও জানান স্পেনের এই কোচ। তিনি বলেন, ‘রেফারিদের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। একই সঙ্গে আমরা জানি, এমন বড় ম্যাচে কীভাবে খেলতে হয়।’
আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে। তবে সেই সম্পর্কের চেয়ে মাঠের লড়াইকেই বেশি গুরুত্ব দিয়েছেন দে লা ফুয়েন্তে।
তিনি বলেন, ‘আর্জেন্টিনা তাদের নিজস্ব কৌশলে খেলবে। কিন্তু আমাদের মনোযোগ থাকবে শুধু নিজেদের ফুটবলে। নিজেদের খেলার মান আরও উন্নত করাই আমাদের লক্ষ্য।’
নিজেদের ফুটবল দর্শন থেকে বিচ্যুত না হওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন স্পেন কোচ। তাঁর ভাষ্য, ‘আমরা যদি নিজেদের খেলার ধরন থেকে সরে যাই, তাহলে ভুগতে হবে। আমরা আমাদের স্বাভাবিক ফুটবল খেলতে চাই এবং কোনো উসকানিতে পা দিতে চাই না। অবশ্য এর মানে এই নয় যে আর্জেন্টিনা এমন কিছু করবে।’
রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফাইনালে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। ম্যাচে দুই দলের পারফরম্যান্সের পাশাপাশি তাঁর সিদ্ধান্তও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে।
এমএম/