দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে মেক্সিকোর গুয়াদালাহারা শহরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী গণবিয়ে।
শুক্রবার (১৮ জুলাই) ফিফা ফ্যান ফেস্টিভ্যাল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ৭৫০ দম্পতি আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বিশ্বকাপের উন্মাদনার সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের সূচনাকে এক সুতোয় গাঁথতেই এই আয়োজন করা হয়। প্রথাগত বিয়ের পোশাকের পাশাপাশি অনেক নবদম্পতিকে তাঁদের প্রিয় ফুটবল দলের জার্সি এবং মেক্সিকো জাতীয় ফুটবল দলের ঐতিহ্যবাহী সবুজ জার্সি পরে অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়।
বিয়ে সম্পন্ন হওয়ার পর নবদম্পতিরা একে অপরকে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত স্বেচ্ছাসেবক ও দর্শনার্থীরা করতালির মাধ্যমে তাঁদের অভিনন্দন জানান।
বিয়েতে অংশ নেওয়া এক দম্পতি জানান, তাঁরা দীর্ঘদিন ধরে বিয়ের পরিকল্পনা করছিলেন, তবে উপযুক্ত সুযোগ পাচ্ছিলেন না। বিশ্বকাপের ফুটবল উন্মাদনার মধ্যেই জীবনের এই বিশেষ দিনটি উদ্যাপন করতে পেরে তাঁরা আনন্দিত।

আরেক নবদম্পতি বলেন, এই আয়োজন তাঁদের জীবনের দুটি বড় ভালোবাসাকে একসঙ্গে উদ্যাপনের সুযোগ করে দিয়েছে—ফুটবলের প্রতি ভালোবাসা এবং একে অপরের প্রতি ভালোবাসা। তাঁরা মেক্সিকোর ফুটবল দল নিয়ে গর্ব প্রকাশ করে ভবিষ্যতেও দলটির প্রতি সমর্থন অব্যাহত রাখার কথাও জানান।
আয়োজক কমিটি জানিয়েছে, এই বিশেষ আয়োজনে আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য ৭৫০টি জুটি নিবন্ধন করেছিল। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে তাঁদের বিয়ে সম্পন্ন হয়, যা বিশ্বকাপের আবহে গুয়াদালাহারা শহরে ভিন্ন মাত্রা যোগ করেছে।
এমএম/