দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফ্রান্সকে হারিয়ে শুধু ২০২৬ বিশ্বকাপের ফাইনালেই ওঠেনি স্পেন, ছুঁয়েছে পুরুষদের আন্তর্জাতিক ফুটবলের দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ডও। টানা ৩৭ ম্যাচে হার না মেনে রবার্তো মানচিনির ইতালির পাশে জায়গা করে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল।
ডালাসে বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারায় স্পেন। মিকেল ওইয়ারসাবাল ও পেদ্রো পোরোর গোলে পাওয়া এই জয় ছিল তাদের টানা ৩৭তম অপরাজিত ম্যাচ। এই সময়ে স্পেন জিতেছে ২৮টি ম্যাচ, ড্র করেছে ৯টি।
এর আগে ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে মানচিনির অধীনে টানা ৩৭ ম্যাচ অপরাজিত ছিল ইতালি। কাকতালীয়ভাবে সেই রেকর্ডযাত্রার ইতি টেনেছিল স্পেনই। ২০২১ উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে ইতালিকে ২-১ গোলে হারিয়ে তাদের অপরাজিত থাকার রেকর্ড থামিয়েছিল লা রোহা।
স্পেন সর্বশেষ হেরেছিল ২০২৪ সালের মার্চে। লন্ডনে প্রীতি ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলে পরাজয়ের চার দিন পর ব্রাজিলের সঙ্গে ৩-৩ ড্র করে শুরু হয় তাদের বর্তমান অপরাজিত যাত্রা। এরপর দুই বছরের বেশি সময় ধরে কোনো দলই হারাতে পারেনি স্প্যানিশদের।
এই ৩৭ ম্যাচে স্পেন করেছে ৯৪ গোল, হজম করেছে ২৮টি। সবচেয়ে বড় জয় এসেছে বিশ্বকাপ বাছাইপর্বে তুরস্কের বিপক্ষে ৬-০ ব্যবধানে। আর সবচেয়ে বেশি গোলের ম্যাচ ছিল ২০২৫ উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ৫-৪ ব্যবধানের জয়।
এই সময়ের মধ্যেই ২০২৫ নেশন্স লিগের ফাইনালে পর্তুগালের কাছে টাইব্রেকারে হেরেছিল স্পেন। তবে নির্ধারিত ও অতিরিক্ত সময় ২-২ সমতায় শেষ হওয়ায় পরিসংখ্যানে সেটি ড্র হিসেবেই গণ্য হয়েছে। আন্তর্জাতিক ফুটবলে টাইব্রেকারের ফল সাধারণত জয়-পরাজয়ের হিসাবের সঙ্গে যোগ করা হয় না।
২০২৬ বিশ্বকাপে স্পেনের যাত্রা শুরু হয়েছিল কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে। এরপর টানা সৌদি আরব, উরুগুয়ে, অস্ট্রিয়া, পর্তুগাল, বেলজিয়াম ও ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে তারা। সাত ম্যাচে ১৩ গোল করার বিপরীতে হজম করেছে মাত্র একটি।
এবার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা বা ইংল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে হার এড়াতে পারলেই ৩৮ ম্যাচের অপরাজিত যাত্রা গড়ে ইতালিকে পেছনে ফেলবে স্পেন। একই সঙ্গে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের সুযোগও থাকবে তাদের সামনে।
এমএস/