দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গোল করতে না পারলেও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। তবে ম্যাচ শেষে উদযাপনের সময় ছোট ভাই কেইনের সঙ্গে তার আবেগঘন মুহূর্তই ভক্তদের মন কেড়েছে।
লস অ্যাঞ্জেলেসে স্পেনের জয় উদযাপনের সময় বড় পর্দায় দেখা যায় তিন বছর বয়সী কেইনকে। ক্যামেরা তার দিকে ঘুরতেই ছোট্ট কেইন চিৎকার করে ও জিহ্বা বের করে মজা করে। পরে সে বড় ভাই ইয়ামালকে চুমু ছুড়ে দেয়। ভাইয়ের এই ভালোবাসায় হাসিমুখে সাড়া দেন ইয়ামাল, হাত নেড়ে শুভেচ্ছা জানান।
কেইনকে এর আগেও বিভিন্ন পুরস্কার অনুষ্ঠান ও জনসমক্ষে ইয়ামালের সঙ্গে দেখা গেছে। বিশ্বকাপেও একাধিকবার ক্যামেরায় ধরা পড়েছে তার উপস্থিতি। প্রতিবারই ছোট ভাইয়ের উপস্থিতি বড় ভাই ইয়ামালের মুখে হাসি এনে দিয়েছে, আর দর্শকদের কাছ থেকেও পেয়েছে প্রশংসা।
বেলজিয়ামের বিপক্ষে জয়ের পর ইয়ামাল বলেন, বিশ্বকাপ জিততে পারলে তিনি গোল করেছেন কি না, সেটি কেউ মনে রাখবে না। দলের সাফল্যই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘অবশ্যই আমি গোল করতে চাই, কিন্তু মাঠে নামার সময় শুধু গোলের কথা ভাবি না। আমি ভাবি কীভাবে দলকে সাহায্য করা যায়।’
বিশ্বকাপে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, এরলিং হালান্ড ও হ্যারি কেইনের মতো তারকারা নিয়মিত গোল করলেও ইয়ামালের নামের পাশে রয়েছে মাত্র একটি গোল। তবে গোল না পেলেও স্পেনের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছেন ১৮ বছর বয়সী এই ফুটবলার।
বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটি ছিল ইয়ামালের বিশ্বকাপে ষষ্ঠ উপস্থিতি। এর মাধ্যমে ১৮ বছর বা তার কম বয়সে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় হয়েছেন তিনি।
এখন স্পেনের সামনে সেমিফাইনালের লড়াই। প্রতিপক্ষ ফ্রান্স হলেও ইয়ামাল জানিয়েছেন, তারা কোনোভাবেই ভয় পাচ্ছেন না। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ছোট ভাইয়ের ভালোবাসার এই মুহূর্তও বিশ্বকাপে ইয়ামালের যাত্রাকে আরও স্মরণীয় করে তুলেছে।
/অ