দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর বহুল প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও মিসর। মঙ্গলবার (৭ জুলাই) ম্যাচটি শুরু হওয়ার আগে দুই দলই ঘোষণা করেছে নিজেদের শুরুর একাদশ। আর্জেন্টিনা দলে তিনটি পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্কালোনি, আর মিসর করেছে দুটি পরিবর্তন।
ম্যাচের আগে পরিসংখ্যান অবশ্য আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। দুই দলের আগের দুই দেখাতেই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। প্রথমবার ১৯২৮ সালের অলিম্পিকের সেমিফাইনালে মিসরকে ৬-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এরপর ২০০৮ সালের মার্চে কায়রোতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে তারা জয় পায় ২-০ গোলে।
বিশ্বকাপে আফ্রিকার দেশগুলোর বিপক্ষে টানা আটটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। এর মধ্যে শেষ ছয় ম্যাচেই প্রথমার্ধে এগিয়ে ছিল দলটি।
অন্যদিকে, বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার কোনো দলের বিপক্ষে মিসরের অভিজ্ঞতা মাত্র একটি ম্যাচের। ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে উরুগুয়ের কাছে ১-০ গোলে হেরেছিল তারা।
মিসরের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইনজুরি কাটিয়ে শুরুর একাদশে ফিরেছেন ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো। পেশিতে চোট পাওয়ায় ফাকুন্দো মেদিনা এবার বেঞ্চে রয়েছেন।
আক্রমণভাগেও পরিবর্তন এনেছেন স্কালোনি। প্রথম চার ম্যাচে শুরুর একাদশে থাকা লাওতারো মার্তিনেজের পরিবর্তে সুযোগ পেয়েছেন হুলিয়ান আলভারেজ। একই সঙ্গে মাঝমাঠে থিয়াগো আলমাদার জায়গায় ফিরেছেন লিয়ান্দ্রো পারেদেস। তিনি সেন্ট্রাল মিডফিল্ডে খেলবেন, ফলে আলেক্সিস ম্যাক আলিস্টার আরও আক্রমণাত্মক ভূমিকায় খেলার সুযোগ পাবেন।
অন্যদিকে, শেষ বত্রিশে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারানো মিসরের দলে দুটি পরিবর্তন এনেছেন কোচ হোসাম হাসান। মাঝমাঠে সুযোগ পেয়েছেন মোহানাদ লাশিন ও হাইসেম হাসান। হামদি ফাতি ও ওমর মারমুশকে রাখা হয়েছে বদলি বেঞ্চে।
আর্জেন্টিনার শুরুর একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
মিসরের শুরুর একাদশ: মোস্তাফা শোবেইর, করিম হাফেজ, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, মোহাম্মদ হানি, হাইসেম হাসান, মোহানাদ লাশিন, মারওয়ান আতিয়া, ইমাম আশুর, মোস্তাফা জিকো ও মোহাম্মদ সালাহ।
/অ