দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের শেষ ষোলোতে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। দারুণ ফর্মে থাকা ফরাসিদের বিপক্ষে প্যারাগুয়ের হার অনেকটাই প্রত্যাশিত হলেও, জার্মানিকে টাইব্রেকারে বিদায় দেওয়া দলটি লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে।
শনিবার (৫ জুলাই) ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকে করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় ফ্রান্স।
ম্যাচ শেষে ফলাফলের পাশাপাশি আলোচনায় ছিলেন এমবাপ্পেও। পুরো ম্যাচজুড়ে প্যারাগুয়ের একাধিক খেলোয়াড়ের সঙ্গে তার উত্তপ্ত বাকবিতণ্ডা হয়। শেষ বাঁশি বাজার পরও বোঝা যাচ্ছিল, গুস্তাভো আলফারোর শিষ্যদের শারীরিক ফুটবল তাকে বিরক্ত করেছে।
মাঠেই ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘আমরা আগে থেকেই জানতাম কী ধরনের ম্যাচ আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু আজ আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি। আমরা প্রমাণ করেছি, আমরা শুধু সুন্দর ফুটবল খেলতে জানি—এমন দল নই। প্রয়োজনে আমরা কুৎসিত ফুটবলও খেলতে পারি। আমার বক্তব্যের জন্য ক্ষমা চাই।’
তিনি আরও বলেন, ‘এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তারা ভেবেছিল আমরা শুধু সুন্দর পাস, ওয়ান-টু আর চোখধাঁধানো ফুটবল খেলব। কিন্তু আমরা শারীরিক ও কঠিন ফুটবলও খেলতে জানি। আজ আমরা জিতেছি এবং সেই দিক থেকেও আমরা তাদের চেয়ে ভালো ছিলাম।’
এরপর কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ম্যাচ নিয়েও কথা বলেন এমবাপ্পে। ওই দলে খেলেন তার ঘনিষ্ঠ বন্ধু আচরাফ হাকিমি।
ফরাসি অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় সে ইতোমধ্যেই আমাকে বার্তা পাঠিয়েছে। তবে এখন আমাদের পুরো মনোযোগ ম্যাচের দিকে। আমরা জানি মরক্কো খুবই শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেলতে পেরে আমরা আনন্দিত। পরের ধাপে উঠতে আমরা আমাদের সর্বোচ্চটা উজাড় করে দেব।’
এমএস/