দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে জার্মানির অপ্রত্যাশিত বিদায়ের পর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ইউলিয়ান নাগেলসম্যান।
শুক্রবার (৩ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। সংস্থাটি জানিয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর ৩৮ বছর বয়সী এই কোচ দায়িত্ব ছাড়তে সম্মত হয়েছেন।
২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত ডিএফবির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন নাগেলসম্যান। তবে বিশ্বকাপের শেষ ষোলোতে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে বিদায় নেওয়ার মাত্র চার দিন পরই তার বিদায় নিশ্চিত হয়। জার্মানির এই পরাজয়কে এবারের বিশ্বকাপের অন্যতম বড় অঘটন হিসেবে দেখা হচ্ছে।
ডিএফবির সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ বলেন, ‘২০২৩ সালের সেপ্টেম্বর থেকে নাগেলসম্যানের অবদানের জন্য জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন আন্তরিকভাবে কৃতজ্ঞ। তিনি সবসময় অসাধারণ নিষ্ঠা ও উচ্চাকাঙ্ক্ষার পরিচয় দিয়েছেন। একই সঙ্গে তিনি অত্যন্ত দায়িত্বশীল ও আন্তরিক একজন মানুষ, যাকে আমরা সবাই শ্রদ্ধা করি।’
জার্মান সংবাদমাধ্যম বিল্ড জানিয়েছে, বৃহস্পতিবার (২ জুলাই) ফ্রাঙ্কফুর্টে ডিএফবির সদর দপ্তরে প্রায় তিন ঘণ্টার বৈঠকে অংশ নেন নাগেলসম্যান। সেখানে দায়িত্ব ছাড়ার বিনিময়ে তাকে প্রায় ৭০ লাখ ইউরো (প্রায় ৮০ লাখ মার্কিন ডলার) ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, যা তার প্রায় এক বছরের বেতনের সমপরিমাণ।
নাগেলসম্যানের বিদায়ের পর জার্মান জাতীয় দলের নতুন কোচ কে হবেন, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সাবেক লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ-এর নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। ফুটবল বিশ্লেষকদের মতে, তিনি আগ্রহী হলে জার্মান জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পথ এখন উন্মুক্ত।
এমএস/