দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিফা বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের দায় নিয়ে সৌদি আরব ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসের আল-মিসেহাল পদত্যাগ করেছেন।
গ্রুপ পর্ব থেকে দলের বিদায়ের পর সোমবার (২৯ জুন) দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। এর মাধ্যমে সৌদি ফুটবলের শীর্ষ প্রশাসনে তার প্রায় সাত বছরের অধ্যায়ের ইতি ঘটল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে আল-মিসেহাল বলেন, ‘জাতীয় দলের বিশ্বকাপ অভিযান আমাদের লক্ষ্য ও সমর্থকদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়নি। এই ব্যর্থতার পূর্ণ দায়িত্ব আমি গ্রহণ করছি। সৌদি ফুটবলের নতুন যাত্রার জন্য আমি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি জানান, ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নতুন পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য শিগগিরই মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে। বিদায়ী বার্তায় সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ, যুবরাজ মোহাম্মদ বিন সালমান, ক্রীড়ামন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সালসহ ফেডারেশনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে সৌদি আরব উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র, স্পেনের কাছে ৪-০ গোলে হার এবং কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। পুরো টুর্নামেন্টে একটি ম্যাচও জিততে পারেনি তারা। এটি ছিল বিশ্বকাপে তাদের টানা তৃতীয় গ্রুপ পর্ব থেকে বিদায়।
বিশ্বকাপ ব্যর্থতার পর সৌদি ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে সমালোচনা বেড়েছে। সাবেক খেলোয়াড়, বিশ্লেষক ও সমর্থকরা নেতৃত্বে পরিবর্তনের দাবি জানান। সাবেক আল-হিলাল সভাপতি প্রিন্স আবদুল রহমান বিন মুসাইদ বলেন, ২০৩৪ সালের বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই নতুন জাতীয় দল গড়ে তোলার কাজ শুরু করা উচিত।
সমালোচনার আরেকটি কারণ ছিল বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে কোচ পরিবর্তন এবং সৌদি প্রো লিগে বিদেশি তারকাদের আধিক্যের কারণে স্থানীয় তরুণ ফুটবলারদের সুযোগ না পাওয়া। আগামী বছর এএফসি এশিয়ান কাপ এবং ২০৩৪ সালে ফিফা বিশ্বকাপ আয়োজনের আগে সৌদি ফুটবলে বড় ধরনের সংস্কারের দাবি জোরালো হয়েছে।
পদত্যাগের ঘোষণা দিলেও আল-মিসেহাল জানিয়েছেন, অন্য ভূমিকায় সৌদি ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ চালিয়ে যাবেন তিনি।
এমএম/