দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করার পর আগামী ম্যাচের প্রতিপক্ষ কেপ ভার্দেকে নিয়ে সতর্কবার্তা দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তার মতে, অভিষেক বিশ্বকাপ খেললেও কেপ ভার্দে শক্তিশালী প্রতিপক্ষ এবং তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
গ্রুপ এইচে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে তিনটি ড্র করে রানার্সআপ হিসেবে নকআউটে উঠেছে কেপ ভার্দে। আগামী ৩ জুলাই মিয়ামিতে শেষ ৩২-এর ম্যাচে তাদের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘ওরা ভালো দল। তিনটি প্রতিপক্ষের জন্যই ওরা কঠিন হয়েছিল। ওরা শক্ত প্রতিদ্বন্দ্বী। আমাদের জন্যও কঠিন হবে। কারণ ওরা স্পেনের জন্যও কঠিন ছিল, যারা অন্যতম ফেভারিট। উরুগুয়ে এবং সৌদি আরবের জন্যও কঠিন ছিল। এই বিশ্বকাপে আমরা যা দেখছি, তাতে আমাদের সতর্ক থাকতে হবে। ওরা গতিসম্পন্ন, মানসম্পন্ন এবং ভালো দল।’
মিয়ামিতে দিনের গরমে ম্যাচ আয়োজন নিয়েও অসন্তোষ প্রকাশ করেন আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, ‘আমরা খুব গরমের মধ্যে খেলব। এই সময়টা বোঝা কঠিন। তবে সবাই এভাবেই খেলেছে, তাই অভিযোগ করার সুযোগ নেই।’
জর্ডানের বিপক্ষে ম্যাচে একাধিক পরিবর্তন এনে পরীক্ষামূলক একাদশ খেলান স্কালোনি। মাঝমাঠের খেলোয়াড় এক্সেকিয়েল পালাসিওসকে রাইট-ব্যাকে খেলানোর কারণও ব্যাখ্যা করেন তিনি।
স্কালোনি বলেন, ‘এই পজিশনে আমাদের বিকল্প দরকার। নাহুয়েল মোলিনা দীর্ঘ বিশ্রামের পর ফিরেছে, তাই তাকে ঝুঁকিতে ফেলতে চাইনি। গঞ্জালো মন্তিয়েলকেও ঝুঁকিতে রাখতে চাইনি। গুরুত্বপূর্ণ সময়ে সে আমাদের কাজে লাগতে পারে। আজকের ম্যাচে কাউকে ঝুঁকিতে না ফেলে এই পজিশনে কে খেলতে পারে, সেটাই দেখতে চেয়েছি।’
সংবাদ সম্মেলনে লিওনেল মেসির ভূয়সী প্রশংসাও করেন স্কালোনি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ফ্রি-কিক থেকে গোল করা মেসি শুরু থেকেই খেলতে পারতেন বলে জানান তিনি।
স্কালোনি বলেন, ‘আজ সে ৯০ মিনিট খেলতে পারত। প্রতিপক্ষকে ছোট না করে বলছি, সে আরও রেকর্ড গড়তে পারত। কিন্তু সে চেয়েছে সতীর্থরা খেলুক এবং সামনের ম্যাচের জন্য নিজে প্রস্তুত থাকুক। এটা তার সম্পর্কে অনেক কিছু বলে দেয়। সে সংখ্যার কথা ভাবে না। জাতীয় দল, দল এবং সতীর্থরা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, সেটাই এতে প্রমাণ হয়।’
এমএস/