দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ বিশ্বকাপে দারুণ ছন্দে এগিয়ে চলেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে নিজেদের আধিপত্য ধরে রেখে শেষ ৩২ নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর সেই সঙ্গে নতুন করে আলোচনায় এসেছে বিশ্বকাপ ইতিহাসে আর্জেন্টিনাকে ঘিরে একটি আকর্ষণীয় পরিসংখ্যান।
অতীত বলছে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠার পর বেশ কয়েকবারই ফাইনালে পৌঁছেছে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের ইতিহাসে সাতবার গ্রুপের শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। সেই সাতবারের মধ্যে চারবারই তারা খেলেছে ফাইনালে। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর দলটির ফাইনালে ওঠার রেকর্ড এখনো বেশ উজ্জ্বল বলেই বিবেচিত হচ্ছে।
এই ধারার শুরু বিশ্বকাপের প্রথম আসরেই। ১৯৩০ সালে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। এরপর ১৯৮৬ বিশ্বকাপে আবারও গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বে পা রাখে দলটি। সেই আসরে ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে শুধু ফাইনালেই ওঠেনি, বিশ্বকাপ শিরোপাও জিতেছিল আর্জেন্টিনা।
১৯৯০ বিশ্বকাপেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর ফাইনালে পৌঁছায় আর্জেন্টিনা। তবে সেবার শিরোপার খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ট্রফি জেতা হয়নি। একইভাবে ২০১৪ বিশ্বকাপে গ্রুপের সেরা দল হিসেবে নকআউট পর্বে ওঠার পর ফাইনাল পর্যন্ত যাত্রা করেছিল আর্জেন্টিনা। কিন্তু জার্মানির কাছে হেরে রানার্সআপ হয় তারা।
সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করলেও পরের ম্যাচগুলো জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছিল লিওনেল মেসির দল। সেই যাত্রার শেষটা ছিল স্বপ্নের মতো। ফাইনালে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে আর্জেন্টিনা।
তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া সব সময় যে ফাইনালে ওঠার নিশ্চয়তা দিয়েছে, তা নয়। ইতিহাসে তিনবার গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বে উঠেও শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছাতে পারেনি দলটি। ১৯৬৬ ও ১৯৯৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। একইভাবে ২০১০ বিশ্বকাপেও গ্রুপে প্রথম হওয়ার পর শিরোপার লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি তারা।
চলতি ২০২৬ বিশ্বকাপেও গ্রুপ পর্বে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে লিওনেল স্কালোনির দল। প্রথম দুই ম্যাচ জিতেই গ্রুপ ‘জে’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে তারা নকআউট পর্বে উঠেছে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই।
এ কারণে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। অতীতের পরিসংখ্যান বলছে, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে ওঠার পর একাধিকবার ফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছে দলটি। সেই ইতিহাস এবারও তাদের পক্ষে কথা বলবে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা। তবে আপাতত গ্রুপ পর্বের পারফরম্যান্স এবং অতীতের রেকর্ড—দুই মিলিয়ে আর্জেন্টিনাকে ঘিরে প্রত্যাশার পারদ যে আরও উঁচুতে উঠেছে, তা বলাই যায়।
কেএম