দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লিওনেল মেসির জাদুতে আবারও মুগ্ধ হলো ফুটবল বিশ্ব। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে পেনাল্টি মিস করেও থেমে থাকেননি আর্জেন্টিনার অধিনায়ক। দুর্দান্ত জোড়া গোলে দলকে এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ জয়, আর সেই জয়ের সুবাদে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
এই ম্যাচে দুই গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৮-তে উন্নীত করেছেন মেসি। এর মধ্য দিয়ে তিনি গড়েছেন বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড। জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড পেছনে ফেলেছেন তিনি।
টানা দ্বিতীয় ম্যাচে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন আর্জেন্টাইন অধিনায়ক। পুরস্কার গ্রহণের পর সম্প্রচারমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় মেসি বলেন, ‘আমি এই মুহূর্তটা উপভোগ করছি এবং দেখছি আমরা একসঙ্গে কতদূর যেতে পারি। আজ আমি পেনাল্টি মিস করেছি, কিন্তু হয়তো সেটা গোল হয়ে গেলে পরের গোলগুলো করতে পারতাম না।’
ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যই তাকে বেশি আনন্দ দিচ্ছে বলেও জানান আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
মেসি বলেন, ‘সত্যি বলতে, জয়টা নিয়ে আমি খুবই খুশি। বিশেষ করে এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জয়। কঠিন লড়াইয়ের মাধ্যমে আমরা জিতেছি এবং জয়টা আমাদের প্রাপ্য ছিল। এই জয় সামনে যা আসছে, তার জন্য আমাদের কিছুটা স্বস্তি দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘এটি বিশ্বকাপ। ম্যাচটি ছিল খুবই সমানে সমান এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমরা ছয় পয়েন্ট অর্জন করেছি এবং ইতোমধ্যেই পরবর্তী পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করতে পেরেছি। এ নিয়ে আমরা খুব আনন্দিত।’
রেকর্ড গড়ার রাতে আরও একটি বিরল কীর্তি স্পর্শ করেছেন মেসি। টানা ছয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করে বিশ্বকাপে ধারাবাহিক সর্বোচ্চ ম্যাচে গোল করার রেকর্ডে যৌথভাবে শীর্ষে উঠেছেন তিনি। এর আগে এই কীর্তি গড়েছিলেন ফ্রান্সের কিংবদন্তি জুস্ত ফঁতেন এবং ব্রাজিলের জাইরজিনহো।
বিশ্বকাপে করা গোলগুলোর মধ্যে কোনটি তার সবচেয়ে প্রিয়—এমন প্রশ্নের জবাবে অবশ্য নির্দিষ্ট কোনো উত্তর দেননি মেসি।
তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি জানি না। এই মুহূর্তে আমার কিছুই মনে পড়ছে না। আমি ক্লান্ত, আমার শক্তি প্রায় শেষ হয়ে এসেছে। ঠিকমতো চিন্তাও করতে পারছি না। তাই এখন আমি শুধু এই মুহূর্তটা উপভোগ করতে চাই এবং আমার সতীর্থদের সঙ্গে উদযাপনের অপেক্ষায় আছি।’
এমএস/