দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেন্সের মালিকানা নিতে যাচ্ছেন ইন্টার মায়ামির ফরোয়ার্ড লিওনেল মেসি। এ বিষয়ে প্রাথমিক একটি চুক্তি হয়েছে বলে ইএসপিএনকে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।
এলদেন্সের বর্তমান মালিক কলম্বিয়ার বিনিয়োগ প্রতিষ্ঠান গ্রুপো টিএইচ। কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও প্রতিষ্ঠানটির মালিকানাধীন ক্লাব রয়েছে।
তবে এলদেন্সের মালিকানা হস্তান্তরের চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। এজন্য যথাযথ যাচাই-বাছাই এবং স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের অনুমোদন প্রয়োজন।
চুক্তি চূড়ান্ত হলে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব হবে এলদেন্স। চলতি বছরের শুরুতে পঞ্চম বিভাগের ক্লাব কর্নেইয়ার মালিকানা নেন বার্সেলোনা ও আর্জেন্টিনার এই কিংবদন্তি ফুটবলার। বার্সেলোনা শহরভিত্তিক ক্লাবটির মালিকানা নেওয়ার বিষয়টি তখন নিশ্চিত করা হয়।
কর্নেইয়া এখনো আধা-পেশাদার পর্যায়ের ক্লাব। ফলে এলদেন্সই হবে স্পেনে মেসির বিনিয়োগ করা প্রথম পেশাদার ক্লাব।
৩৯ বছর বয়সী মেসি তাঁর ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএমেরও আংশিক মালিক।
এলদেন্স ও কর্নেইয়া বর্তমানে তিন ধাপ ব্যবধানে ভিন্ন লিগে খেলছে। তাই আপাতত মেসির মালিকানা নিয়ে বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তবে ভবিষ্যতে দুই ক্লাবের উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠতে পারে। মেসি যদি উভয় ক্লাবের সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক হন, তাহলে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী দুই ক্লাবকে একই লিগে খেলার অনুমতি দেওয়া হবে না বলে ধারণা করা হচ্ছে।
১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেন্স তাদের ইতিহাসের বেশিরভাগ সময় স্পেনের শীর্ষ দুই বিভাগের বাইরে কাটিয়েছে। ১৯৬৪ সালের পর প্রথমবারের মতো ২০২৩ সালে দ্বিতীয় বিভাগে ওঠে ক্লাবটি। এরপর ২০২৫ সালে অবনমিত হয়। তবে চলতি গ্রীষ্মে আবারও দ্বিতীয় বিভাগে ফিরেছে তারা।
চলতি মৌসুমে চার ম্যাচের একটিতেও জিততে পারেনি এলদেন্স। ব্যর্থতার কারণে সপ্তাহের শুরুতেই কোচ ক্লদিও বারাগানকে বরখাস্ত করা হয়েছে। বর্তমানে কোচ ছাড়াই আছে ক্লাবটি।
এলদা শহরের নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়ামে নিজেদের ঘরের ম্যাচ খেলে এলদেন্স। মাত্র ৫ হাজার ৭৭৬ দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটি বেশ ছোট।
এমএস/