দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে ব্রাজিল। জোড়া গোল করেছেন মাতেউস কুনিয়া, একটি গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেললেও পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচজুড়ে ছিল ব্রাজিলের সোনালি অতীতের ছোঁয়া। গ্যালারিতে উপস্থিত ছিলেন ২০০২ বিশ্বকাপজয়ী তারকা রোনালদিনিও। সমর্থকদের হাতে দেখা গেছে বিশ্বকাপ ট্রফির প্রতিরূপ। মাঠের খেলাতেও প্রথমার্ধে আধিপত্য দেখিয়েছে সেলেসাওরা।
তবে ম্যাচের চিত্র বদলে যায় বিরতির পর। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের চেয়ে ৮০টিরও বেশি ধাপ পিছিয়ে থাকা হাইতির বিপক্ষে দ্বিতীয়ার্ধে লক্ষ্যভেদী কোনো শটই নিতে পারেনি ব্রাজিল। উল্টো এই সময়ে ব্রাজিলের দুটি শটের বিপরীতে সাতটি শট নেয় হাইতি।
মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর হাইতির বিপক্ষে জয় পেলেও এখনো নিজেদের সেরা ছন্দে ফিরতে পারেনি ব্রাজিল। তবে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে নকআউট পর্বে ওঠার পথে রয়েছে দলটি।
ম্যাচ শেষে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি অবশ্য দলের পারফরম্যান্সে সন্তুষ্টির কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘প্রথমার্ধে আমরা অনেক ভালো খেলেছি। দ্বিতীয়ার্ধে তারা কিছুটা বেশি নিয়ন্ত্রণ নিয়েছিল। তবে আমাদের আরও গোল করার সুযোগ ছিল। সব মিলিয়ে এটি ভালো একটি ম্যাচ ছিল।’
কুনিয়ার প্রশংসা করে আনচেলত্তি বলেন, ‘রক্ষণভাগের জন্য সমস্যা তৈরি করতে তার অবস্থান কার্যকর ছিল। সামনে তিনি খুবই কার্যকর খেলেছেন। ভবিষ্যতেও এটি একটি বিকল্প হতে পারে।’
আগামী বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচে চোট কাটিয়ে ফিরতে পারেন দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। পায়ের পেশির সমস্যার কারণে হাইতির বিপক্ষে খেলতে পারেননি তিনি।
আনচেলত্তি জানান, নেইমার ব্যক্তিগত অনুশীলন শুরু করবেন এবং পরে দলের সঙ্গে যোগ দেবেন। স্কটল্যান্ডের বিপক্ষে তাকে পাওয়া যেতে পারে।
তবে হাইতির বিপক্ষে জয় এলেও নতুন দুশ্চিন্তা তৈরি হয়েছে রাফিনিয়াকে নিয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড চোট পেয়ে ৪০ মিনিটেই মাঠ ছাড়েন। তার অবস্থা সম্পর্কে পরে জানা যাবে বলে জানিয়েছেন আনচেলত্তি।
এদিকে বদলি হিসেবে নেমে বিশ্বকাপে অভিষেক হয়েছে ১৯ বছর বয়সী এন্দ্রিকের। তিনি একটি গোল করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়। ম্যাচে মাত্র আটবার বল স্পর্শ করেন এই তরুণ ফরোয়ার্ড।
জয়, ক্লিনশিট ও তিন গোল—সবই পেয়েছে ব্রাজিল। কিন্তু শিরোপার অন্যতম দাবিদার দলটির কাছে সমর্থকদের প্রত্যাশা আরও বেশি।
/অ