দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রথম ম্যাচে কাঙ্ক্ষিত ছন্দে দেখা যায়নি ক্রিস্টিয়ানো রোনালদোকে। কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্র করা ম্যাচে পর্তুগালের অধিনায়ক ছিলেন অনেকটাই নিষ্প্রভ। ফলে বিশ্বকাপের শুরুতেই তার পারফরম্যান্স নিয়ে আলোচনা শুরু হয়েছে।
হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে ৪১ বছর বয়সী রোনালদো বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে শুরুর একাদশে নামা মাঠের খেলোয়াড়দের একজন হিসেবে নতুন রেকর্ড গড়েন। একই সঙ্গে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে ছয়টি বিশ্বকাপে খেলার কীর্তিতেও নাম লেখান তিনি।
তবে ব্যক্তিগত এই অর্জনের দিনে মাঠের খেলায় ছাপ ফেলতে পারেননি পর্তুগিজ তারকা। পুরো ম্যাচে তার বলস্পর্শ ছিল মাত্র ২৫ বার, যা ছিল পর্তুগালের শুরুর একাদশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে কম। তিনি তিনটি শট নিলেও কোনোটিই লক্ষ্যে রাখতে পারেননি।
শৃঙ্খলাবদ্ধ কঙ্গোলিজ রক্ষণভাগের বিপক্ষে জায়গা বের করতে হিমশিম খেতে হয় রোনালদোকে। দ্বিতীয়ার্ধে কাছ থেকে পাওয়া দুটি সুযোগও কাজে লাগাতে ব্যর্থ হন তিনি।
বিশ্বকাপে এখন পর্যন্ত রোনালদোর আটটি গোলই এসেছে গ্রুপ পর্বে। তবে চলতি আসরের বাকি দুই গ্রুপ ম্যাচ—উজবেকিস্তান ও কলম্বিয়ার বিপক্ষে—তার সামনে নতুন ইতিহাস গড়ার সুযোগ থাকছে। গোল করতে পারলে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়বেন তিনি।
ইউরো ২০২৪-এ গোলশূন্য থাকার পর এখন বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে টানা ১০ ম্যাচ ধরে গোলের দেখা পাচ্ছেন না রোনালদো। সর্বশেষ বড় আসরে খোলা খেলা থেকে গোল করেছিলেন ২০২১ সালের ইউরোতে জার্মানির বিপক্ষে।
তবে ম্যাচ শেষে তাকে রক্ষায় কথা বলেছেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। তিনি বলেন, গোলের প্রয়োজন হলে বিশ্বের সর্বোচ্চ গোলদাতাকে মাঠের বাইরে রাখার কোনো অর্থ নেই। তার অভিজ্ঞতা, প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যস্ত রাখার ক্ষমতা এবং আক্রমণে জায়গা তৈরি করার ভূমিকা দলের জন্য গুরুত্বপূর্ণ।
অন্যদিকে সাবেক ফরাসি তারকা থিয়েরি অঁরি মনে করেন, একটি মুহূর্তে রোনালদো গোল করার চেষ্টায় সতীর্থ ব্রুনো ফার্নান্দেজের জন্য তৈরি হওয়া সুযোগ নষ্ট করেছেন। তার মতে, সে সময় রোনালদো ভিন্নভাবে দৌড়ালে পর্তুগাল গোল পেত।
আর ঘানার সাবেক ফুটবলার কেভিন-প্রিন্স বোয়াটেং আরও কঠোর মন্তব্য করে বলেন, পর্তুগালের তরুণদের জায়গা করে দিতে রোনালদোর সরে দাঁড়ানো উচিত। তার দাবি, রোনালদো ছাড়া পর্তুগাল আরও ভারসাম্যপূর্ণ দল হয়ে উঠতে পারে।
তবে সমালোচনা যাই থাকুক, বিশ্বকাপের প্রথম ম্যাচের পর রোনালদোর নিজের বার্তা স্পষ্ট—‘এটি এখনও শেষ হয়ে যায়নি।’
/অ