দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইকুয়েডরকে হারিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ অভিযানে শুভসূচনা করেছিল আইভরি কোস্ট। নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী জার্মানি। ম্যাচটি খেলতে এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে কানাডায় রওনা হওয়ার কথা দলটির।
তবে দলের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড এলিয়ে ওয়াহি কানাডায় প্রবেশের অনুমতি পাননি। যে কারণে জার্মানির বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে খেলতে পারছেন না তিনি।
প্রসঙ্গত, ফরাসি ক্লাব নিসের হয়ে খেলার সময় ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তদন্তের মুখে পড়েছিলেন ওয়াহি। বিশ্বকাপ শুরুর মাত্র দুই সপ্তাহ আগে তাকে এ জন্য আটক করে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয় এবং এখনো তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে দলে ছিলেন ওয়াহি। তবে দল যখন পরবর্তী ম্যাচের জন্য কানাডার টরন্টোয় যাবে, তখন তিনি দলের সঙ্গে যেতে পারবেন না।
এক বিবৃতিতে আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন (এফআইএফ) জানিয়েছে, ‘এলিয়ে ওয়াহিকে ঘিরে প্রকাশিত বিভিন্ন সংবাদ আমরা লক্ষ্য করেছি। এ মুহূর্তে তার বিরুদ্ধে কোনো বিচারিক বা প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।’
ফেডারেশন আরও জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতিতে আমরা খেলোয়াড়টির পাশে আছি এবং তার প্রতি আমাদের আস্থা অটুট। তবে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় তিনি কানাডায় দলের সঙ্গে যেতে পারবেন না।’
ফলে ওয়াহিকে আপাতত যুক্তরাষ্ট্রেই থাকতে হবে। দলের বাকি সদস্যরা কানাডায় গেলেও তিনি সেখানে যোগ দিতে পারছেন না। পরিস্থিতির ওপর নজর রাখছে আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন।
এমএম/