দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপ মিশন দারুণভাবে শুরু করেছে নরওয়ে। ফক্সবরো স্টেডিয়ামে গ্রুপ ‘আই’-এর ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারিয়ে শক্ত বার্তা দিয়েছে ইউরোপের দলটি। জোড়া গোল করে ম্যাচের নায়ক হয়েছেন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নরওয়ে। প্রতিপক্ষকে চাপে রেখে দ্রুত গোলের সুযোগ তৈরি করে তারা। সেই ধারাবাহিকতায় বাঁ প্রান্ত দিয়ে ডেভিড মোলার উলফের বাড়ানো নিখুঁত ক্রসে কাছ থেকে বল জালে জড়িয়ে বিশ্বকাপ অভিষেক ম্যাচেই গোলের দেখা পান হালান্ড।
তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ইরাক। ধীরে ধীরে ম্যাচে ফিরে এসে ৩৯ মিনিটে সমতায় ফেরে তারা। বাঁ প্রান্ত থেকে আসা ক্রসে দারুণ এক হেডে গোল করেন আইমেন হুসেইন।
কিন্তু ইরাকের সেই আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। প্রথমার্ধের শেষ দিকে গোলরক্ষক জালাল হাসানের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন হালান্ড। প্রতিপক্ষের ভুল ক্লিয়ারেন্স তার গায়ে লেগে জালে জড়িয়ে গেলে আবারও এগিয়ে যায় নরওয়ে। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করলেও নরওয়ের সংগঠিত রক্ষণভাগ ও মাঝমাঠের নিয়ন্ত্রণ ভাঙতে পারেনি ইরাক। অধিনায়ক মার্টিন ওডেগার্ডের নেতৃত্বে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে ইউরোপের দলটি।
৭৬ মিনিটে সেট-পিস থেকে গোল করে ব্যবধান আরও বাড়ান লিও স্কিরি অস্টিগার্ড। এরপর যোগ করা সময়ে আইমেন হুসেইনের আত্মঘাতী গোলে ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় নরওয়ের।
পুরো ম্যাচে আক্রমণ, গতি ও পরিকল্পনার দিক থেকে স্পষ্টভাবেই এগিয়ে ছিল নরওয়ে। হালান্ডের কার্যকারিতা, ওডেগার্ডের নেতৃত্ব এবং রক্ষণভাগের দৃঢ়তা মিলিয়ে বিশ্বকাপের শুরুতেই নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে দলটি। অন্যদিকে লড়াই করেও শেষ পর্যন্ত নরওয়ের সামনে টিকতে পারেনি ইরাক।
এমএস/