দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এসি মিলানের পক্ষ থেকে আসা আগ্রহের প্রস্তাব ফিরিয়ে দিয়ে বোকা জুনিয়র্সেই থাকার ইচ্ছা প্রকাশ করেছেন লিয়ান্দ্রো পারেদেস। মিলানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর আর্জেন্টাইন মিডফিল্ডার তাদের আগ্রহের জন্য কৃতজ্ঞতা জানান। তবে আপাতত বোকা ছাড়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়ে দিয়েছেন তিনি। এ বিষয়ে বোকা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ না করার জন্যও অনুরোধ করেছেন পারেদেস।
গত কয়েক দিন ধরে পারেদেসকে ঘিরে ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহের গুঞ্জন চলছিল। এসি মিলানের সম্ভাব্য প্রস্তাবের খবর ছড়িয়ে পড়ার পর বুয়েনস আইরেসের লা বোম্বোনেরাকে ঘিরেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পারেদেসের প্রতিনিধিরাও সম্ভাব্য প্রস্তাবের অপেক্ষায় ছিলেন। শেষ পর্যন্ত অবশ্য মিলানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি।
২০২৫ সালের মাঝামাঝি রোমা ছেড়ে শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে ফেরেন পারেদেস। ফিরে আসার পর অল্প সময়েই দলের গুরুত্বপূর্ণ সদস্যের পাশাপাশি সমর্থকদের অন্যতম প্রিয় খেলোয়াড়ে পরিণত হয়েছেন তিনি। বোকা জুনিয়র্সের সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সালের শেষ পর্যন্ত।
দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতেই বোকায় ফিরেছিলেন পারেদেস। বর্তমানে ক্লাবটির হয়ে নিয়মিত খেলছেন এবং ভালো ফর্মেও রয়েছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। ফলে ইউরোপের ক্লাবে ফেরার সুযোগ এলেও আপাতত বোকাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
জাতীয় দল নিয়েও সম্প্রতি নিজের ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তার কথা জানিয়েছেন পারেদেস। তবে বোকা জুনিয়র্সের হয়ে নিয়মিত মাঠে নামা তাঁকে ছন্দ ধরে রাখতে সহায়তা করছে। ফলে আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের তালিকায় থাকার দৌড়েও এখনো ভালোভাবেই আছেন তিনি।
এমএস/