দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দলে ফিরেছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস। পুনর্বাসন প্রক্রিয়ায় দ্রুত উন্নতি হওয়ায় শেষ মুহূর্তে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি জানিয়েছে, ২ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবেন লিটন এবং ডারউইনে দলের সঙ্গে যোগ দেবেন। প্রথম টেস্টের একাদশেও তাকে বিবেচনা করা হবে।
গত ১৪ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় কাফ মাসলে চোট পান লিটন। ব্যক্তিগত ৪৮ রানে তিনি মাঠ ছাড়লেও পরে আবার ব্যাটিংয়ে নেমে ৫৮ রানে অপরাজিত ছিলেন। এরপর চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ, জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট এবং পরবর্তী ওয়ানডে সিরিজে খেলতে পারেননি তিনি।
চোটের কারণে লঙ্কা প্রিমিয়ার লিগেও (এলপিএল) অংশ নেওয়া হয়নি তার। সম্প্রতি সিঙ্গাপুরে স্ক্যান করানোর পর চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যান। প্রত্যাশার চেয়ে দ্রুত সুস্থ হয়ে ওঠায় তাকে প্রথম টেস্টের দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।
লিটনের অন্তর্ভুক্তিতে বাংলাদেশের ব্যাটিং বিভাগ আরও শক্তিশালী হয়েছে। এর আগে তার অনুপস্থিতিতে স্কোয়াডে ফেরানো হয়েছিল জাকের আলী অনিককে।
আগামী ১৩ আগস্ট শুরু হবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট।
অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, মুশফিক হাসান ও লিটন দাস।
এমএম/