দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারিয়েছে আর্জেন্টিনা। এই পরাজয়ের ধাক্কায় রাজধানী বুয়েনস আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই সমর্থকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আর্জেন্টিনার জরুরি চিকিৎসা সেবা সংস্থা (SAME)।
মৃত দুজনের বয়স যথাক্রমে ৬৭ ও ৮৮ বছর।
সরকারি তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মনসেরাত এলাকার সারান্দি ও অ্যাডলফো আলসিনা সড়কের মাঝামাঝি একটি বাড়ি থেকে জরুরি সেবায় ফোন করা হয়। সেখানে ৬৭ বছর বয়সী এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকরা ঘটনাস্থলেই সিপিআর দিলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এর আগে স্থানীয় সময় বিকেল ৫টা ৩৯ মিনিটে ৮৮ বছর বয়সী আরেক ব্যক্তি শ্বাসকষ্টে আক্রান্ত হলে তার মেয়ে জরুরি সেবায় যোগাযোগ করেন। সিপিআর দেওয়ার পর তাকে ডুরান্ড হাসপাতালে নেওয়া হয়। প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
এদিকে বুয়েনস আইরেসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭২ বছর বয়সী আরও এক ব্যক্তি বর্তমানে আলভারেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে তার বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালে ভর্তি করা হয়।
বিশ্বকাপ ফাইনালের পর রাজধানীর ওবেলিস্ক চত্বরে সমর্থকদের মধ্যে হতাশা থেকে বিশৃঙ্খল পরিস্থিতিরও সৃষ্টি হয়। এতে কয়েকজন আহত হয়েছেন।
লাভালে ও নুয়েভে দে হুলিও অ্যাভিনিউয়ের মোড়ে ৪৭ বছর বয়সী এক ব্যক্তি প্রায় চার মিটার (১৩ ফুট) উঁচু থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তার বাঁ পায়ের হাড় ভেঙে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম ইনফোবায়ের প্রতিবেদনে বলা হয়েছে, পরাজয়ের হতাশায় অনেক সমর্থক অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন। এছাড়া মারামারি, ধাক্কাধাক্কি এবং উঁচু স্থান থেকে পড়ে গিয়ে বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
এমএস/