দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান কোচের পদ ছাড়লেন আয়ারল্যান্ডের হেনরিখ মালান।
ভারতকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে আয়ারল্যান্ড। রোববার দ্বিতীয় ম্যাচে ১ রানের রুদ্ধশ্বাস জয়ের পরই ইতিহাস গড়ে আইরিশরা। তবে সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন ৪৫ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান কোচ।
ক্রিকেট আয়ারল্যান্ড এক বিবৃতিতে জানিয়েছে, মালান স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। ২০২৭ সালের শুরু পর্যন্ত তার চুক্তির মেয়াদ থাকলেও তিনি মনে করেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নতুন কোচের দায়িত্ব নেওয়ার জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময়।
২০২২ সালের জানুয়ারিতে আয়ারল্যান্ডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন মালান। পরে ২০২৪ সালে তার চুক্তির মেয়াদ আরও বাড়ানো হয়। তার অধীনে আয়ারল্যান্ড টানা তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়।
মালানের সময়েই ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে আলোড়ন তোলে আয়ারল্যান্ড। এছাড়া তার অধীনেই আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয় এবং বেলফাস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় দলটি।
বিদায়ী বার্তায় মালান বলেন, ‘খেলোয়াড়, কোচিং স্টাফ এবং পুরো আয়ারল্যান্ড ক্রিকেট পরিবারের সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য অসাধারণ সৌভাগ্যের বিষয়। এখানে কাটানো সময় আমরা সবসময় ভালোবাসা ও গর্বের সঙ্গে স্মরণ করব।’
নিজের সময়ের সাফল্য স্মরণ করে তিনি বলেন, ‘মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ জয়, আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়, জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট জয়, ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয় এবং পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারানোর স্মৃতিগুলো আমাদের জন্য গর্বের।’
এমএস/