দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের গ্রুপপর্বের প্রথম ম্যাচগুলো শেষ হওয়ার পর থেকেই জমে উঠেছে সম্ভাব্য নকআউট সমীকরণের হিসাব-নিকাশ। ৪৮ দলের নতুন ফরম্যাটের এই আসরে বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী শেষ ৩২-এ ব্রাজিল ও জার্মানির মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে গ্রুপপর্বে এখনো প্রতিটি দলের দুটি করে ম্যাচ বাকি থাকায় চূড়ান্ত চিত্র নির্ভর করবে পরবর্তী ফলাফলের ওপর। তারপরও দুই ফুটবল পরাশক্তির আগাম মহারণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে কিছুটা চাপে রয়েছে ব্রাজিল। শনিবার সকাল সাড়ে ৬টায় হাইতির বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপের অন্য ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে উঠে গেছে স্কটল্যান্ড। সমান এক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো, আর ফেয়ার প্লের ব্যবধানে তৃতীয় স্থানে আছে ব্রাজিল।
নকআউট পর্বে সরাসরি জায়গা নিশ্চিত করতে হলে হাইতির বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট তুলতেই হবে সেলেসাওদের। অন্যথায় স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচের আগে চাপ আরও বেড়ে যাবে।
তবে সরাসরি কোয়ালিফিকেশন অঞ্চলের বাইরে থাকলেও সেরা তৃতীয় দল হিসেবেও শেষ ৩২-এ ওঠার সুযোগ রয়েছে ব্রাজিলের।
নতুন ফরম্যাট অনুযায়ী, ১২টি গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা আটটি দল নকআউট পর্বে জায়গা করে নেবে। তবে প্রতিপক্ষ নির্ধারণ করা হবে নির্দিষ্ট বিন্যাসে, যেখানে দলগুলোর অবস্থানের চেয়ে তারা কোন গ্রুপ থেকে এসেছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।
বর্তমান সমীকরণ অনুযায়ী, গ্রুপ ‘সি’-এর তৃতীয় দলকে গ্রুপ ‘এ’, ‘ই’ অথবা ‘আই’-এর শীর্ষ দলের বিপক্ষে খেলতে হতে পারে। সেই হিসেবে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে উঠে আসছে জার্মানির নাম।
প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে জার্মানি। অন্যদিকে মরক্কোর সঙ্গে ড্র করায় সেরা তৃতীয় দলগুলোর তালিকায় আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল।
এই পরিস্থিতি অপরিবর্তিত থাকলে দ্বিতীয় রাউন্ডেই ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল ও জার্মানির বহুল প্রতীক্ষিত মহারণ দেখা যেতে পারে।
এমএস/