দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নতুন বলে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। দলীয় ৫০ রান ছোঁয়ার আগেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিয়ে তাদের বেশ চাপেও ফেলেছিল টাইগাররা। তবে সেই বিপর্যয় থেকে অজিদের টেনে তোলেন ম্যাট রেনশো ও টিম ডেভিড। বিশেষ করে রেনশোর দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করেই বড় সংগ্রহ পায় সফরকারীরা। চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস খেলেন রেনশো।
গত ম্যাচের মতো আজও আক্রমণাত্মক শুরুর আভাস দিয়েছিলেন জশ ইংলিশ। তবে এবার তাকে বেশিদূর এগোতে দেননি নাসুম আহমেদ। ইনিংসের তৃতীয় ওভারেই এই ওপেনারকে লেগ বিফোরের (এলবিডব্লিউ) ফাঁদে ফেলেন তিনি। সাজঘরে ফেরার আগে ৬ বলে ১১ রান করেন ইংলিশ।
পরের ওভারেই বাংলাদেশকে আরেকটি ব্রেকথ্রু এনে দেন নাহিদ রানা। টি-টোয়েন্টি অভিষেকের দীর্ঘ ৩৯৬ দিন পর মাঠে নেমেই উইকেটের দেখা পেলেন এই গতিময় পেসার। ১ রান করা কপার কলোনিকে স্লিপে সাইফ হাসানের দুর্দান্ত ক্যাচে পরিণত করেন রানা। পরপর দুই ওভারে উইকেট হারিয়ে বেশ কিছুটা দেখেশুনে খেলছিলেন মিচেল মার্শ। তবে ১৯ বলে ২০ রানের বেশি করতে পারেননি এই অলরাউন্ডার।
৪৪ রানে ৩ উইকেট হারানোর পর অস্ট্রেলিয়ার হাল ধরেন রেনশো ও ডেভিড। এই দুজনের ৯৭ রানের দারুণ জুটিতেই ম্যাচে ঘুরে দাঁড়ায় অজিরা। ৪৫ রান করা ডেভিডকে ফিরিয়ে জমে ওঠা এই জুটি ভাঙেন আব্দুল গাফফার সাকলাইন। তবে রেনশো শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছাড়েন। আর তাতেই বড় পুঁজি পেয়ে যায় অস্ট্রেলিয়া।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন নাসুম আহমেদ; ২৭ রান খরচায় তিনি শিকার করেন ২ উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন নাহিদ রানা, গাফফার সাকলাইন ও মুস্তাফিজুর রহমান।
এমএস/