দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ক্রমেই ব্যাটিংবান্ধব হয়ে উঠছে। প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা তেমন স্বাচ্ছন্দ্যে খেলতে না পারলেও তৃতীয় ইনিংসে অনায়াসে রান তুলছে ওয়েস্ট ইন্ডিজ। পিচ থেকে বাড়তি সুবিধা পাচ্ছেন না স্বাগতিক বোলাররা। ফলে সহজেই রান তুলে ক্যারিবীয়দের লিড দেড়শ ছাড়িয়েছে।
চতুর্থ দিন রোববার এখন পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৯৬ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে তাদের লিড দাঁড়িয়েছে ১৬৬ রানে। ক্রিজে কাভেম হজ ৫৩ ও অভিষিক্ত কেভিন উইকহ্যাম ৪৪ রানে অপরাজিত আছেন। তৃতীয় উইকেটে দুজনের জুটি থেকে এসেছে ৭৭ রান।
আগের দিন ৩০ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে দিনের খেলা শেষ হওয়ার আগে ৭ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকেই রোববার চতুর্থ দিনের খেলা শুরু করে সফরকারীরা। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন দুই ক্যারিবীয় ওপেনার। দুজন মিলে গড়েন ৮৫ রানের জুটি।
প্রথম ইনিংসে বাংলাদেশের পেসাররা গতি ও সুইংয়ে চাপে রাখলেও দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয় ব্যাটারদের সামলাতে পারছেন না স্বাগতিক বোলাররা। শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করা সফরকারীদের দুই উইকেট তুলে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়েন স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
মিরপুরে স্পিনসহায়ক উইকেটেও কার্যকর বোলিং করতে না পারায় সমালোচিত হয়েছিলেন তাইজুল-মিরাজ। এদিন প্রথম সাফল্য এনে দেন তাইজুল। তার বলে এলবিডব্লিউ হয়ে ৩৬ রানে ফেরেন জশুয়া ডা সিলভা। ভাঙে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি। তবে ততক্ষণে ৫৫ রানের লিড পেয়ে যায় সফরকারীরা।
ওপেনিং সঙ্গী বিদায় নিলেও টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক তুলে নেন ব্রেন্ডন কিং। কাভেম হজকে সঙ্গে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান তিনি।
দ্বিতীয় উইকেটে দুজনের ৩৪ রানের জুটি ভাঙেন মিরাজ। ৬১ রান করা কিংকে স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচে পরিণত করেন তিনি। সামনের পায়ে এগিয়ে ডিফেন্স করতে গিয়ে বলটি ব্যাটের বাইরের কানায় লেগে স্লিপে যায়। মধ্যাহ্নভোজের বিরতির আগে বাংলাদেশের জন্য এটিই ছিল কিছুটা স্বস্তির মুহূর্ত।
যে আই