দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রোববার মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ও নিউজিল্যান্ড। আহমেদাবাদের বিশাল স্টেডিয়ামে বসছে এই মহারণ। ভারত জিতলে ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে। অন্যদিকে নিউজিল্যান্ড চাইছে প্রথমবারের মতো এই ট্রফি ঘরে তুলতে।
৭ ফেব্রুয়ারি শুরু হওয়া ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামছে রোববার। ফেভারিট ভারত ও নিউজিল্যান্ডের লড়াইয়ে বিশ্ব ক্রিকেট পাচ্ছে নতুন উত্তেজনা। এক মাসের এই টুর্নামেন্টে দুই দলের পারফরম্যান্সই ছিল আলোচনায়।
টুর্নামেন্টের শুরু থেকেই ভারতকে শিরোপার অন্যতম দাবিদার ধরা হচ্ছিল। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে উইকেটকিপার ব্যাটার সাঞ্জু স্যামসনের পারফরম্যান্স দলকে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে। যদিও ভারতের টপ অর্ডার ব্যাটিং কিছুটা উদ্বেগের কারণ হয়ে আছে। তবে দলটির বড় শক্তি তাদের বোলিং আক্রমণ। পেসে জাসপ্রীত বুমরাহ এবং স্পিনে তিলক ভার্মার ধারাবাহিক পারফরম্যান্স ভারতের জন্য বড় ভরসা হয়ে উঠেছে।
অন্যদিকে নিউজিল্যান্ডের যাত্রাও ছিল নাটকীয়। গ্রুপপর্ব সহজেই পেরোলেও সুপার এইটে কঠিন লড়াই করতে হয়েছে তাদের। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়া এবং ইংল্যান্ডের কাছে হারের পর শেষ মুহূর্তের সমীকরণে সেমিফাইনালে ওঠে ব্ল্যাকক্যাপস। এরপর সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় মিচেল স্যান্টনারের দল।
নিউজিল্যান্ডের বড় শক্তি তাদের দলগত পারফরম্যান্স। ওপেনার ফিন অ্যালেন ও টিম সেইফার্টের আক্রমণাত্মক ব্যাটিং দলকে ভালো সূচনা এনে দিচ্ছে। ব্যাটে ও বলে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। ফিল্ডিংয়েও বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে পরিচিত নিউজিল্যান্ড।
টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে ৩০ বার। এর মধ্যে ভারত জিতেছে ১৮টি ম্যাচ, নিউজিল্যান্ডের জয় ১১টিতে। একটি ম্যাচ টাই হয়েছে।
সব হিসাব–নিকাশ শেষে ফাইনালের মঞ্চে দুই ভিন্ন লক্ষ্য নিয়ে নামছে দুই দল। একদিকে তিনবার টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর ভারত, অন্যদিকে প্রথমবার শিরোপা জয়ের অপেক্ষায় নিউজিল্যান্ড। তাই আহমেদাবাদের ফাইনালে জমজমাট লড়াইয়ের প্রত্যাশায় ক্রিকেটপ্রেমীরা।
এমএস/