দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুপার এইট পর্বের ম্যাচে ৭৬ রানের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করেছে ভারত।
রোববার (২২ ফেব্রুয়ারি) নরেন্দ্র মোদি স্টেডিয়াম-এ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-এর সুপার এইটের ম্যাচে আগে ব্যাট করে ১৮৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ৭ বল বাকি থাকতেই ১১১ রানে অলআউট হয়ে যায় ভারত।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে প্রোটিয়ারা। ইনিংসের দ্বিতীয় ওভারে জসপ্রিত বুমরাহ বোল্ড করেন কুইন্টন ডি কককে। অল্প সময়ের মধ্যে ফিরে যান অধিনায়ক এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন। ২০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা।
সেখান থেকে দলকে টেনে তোলেন ডেভিড মিলার ও ডিওয়াল্ড ব্রেভিস। দুজন মিলে চতুর্থ উইকেটে যোগ করেন ৯৭ রান। ফিফটি থেকে ৩ রান দূরে থাকতে শিভম দুবের বলে আউট হন ব্রেভিস (৪৫)। পরে ৩৫ বলে ৬৩ রান করে ফেরেন মিলার।
শেষ দিকে ট্রিস্টান স্টাবসর ২৪ বলে অপরাজিত ৪৪ রানের ঝড়ো ইনিংসে ১৮৭ রানে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে ৩ উইকেট নেন বুমরাহ, দুটি অর্শদীপ সিং। একটি করে উইকেট পান দুবে ও বরুণ চক্রবর্তী।
১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটাও ছিল হতাশাজনক। প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন ইষান কিশান। টানা চার ম্যাচে ভারতের কোনো না কোনো ওপেনার শূন্য রানে ফেরার ঘটনা ঘটে। দ্রুত ফিরে যান তিলক ভার্মা ও অভিষেক শর্মা।
পাওয়ারপ্লেতে ৩ উইকেটে ৩১ রান তোলে ভারত। পরে অধিনায়ক সূর্যকুমার যাদব ও ওয়াশিংটন সুন্দর চেষ্টা করলেও বড় জুটি গড়া হয়নি। হার্দিক পান্ডিয়া ১৮ রান করে ফিরলে ম্যাচ থেকে ছিটকে পড়ে ভারত।
শেষদিকে ৩৭ বলে ৪২ রান করেন দুবে। তবে ততক্ষণে ম্যাচ অনেক দূরে সরে যায়। ১৯তম ওভারে গুটিয়ে যায় ভারতের ইনিংস।
শুরুর ধাক্কা সামলে মিলার-ব্রেভিস জুটির দৃঢ়তায় বড় সংগ্রহ গড়া দক্ষিণ আফ্রিকা জবাবে নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতকে ছিটকে দিয়ে সুপার এইট পর্বে উড়ন্ত সূচনা পেল।
জে আই