দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পাকিস্তানের পথচলা শুরুই হলো বৃষ্টির বাধায়। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি একটি বলও না গড়িয়েই পরিত্যক্ত ঘোষণা করা হয়। রিজার্ভ ডে না থাকায় দুই দলকে এক পয়েন্ট করে ভাগাভাগি করতে হয়।
ম্যাচ শুরুর আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকলেও টস অনুষ্ঠিত হয়। টসে জিতে পাকিস্তান ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন। একাদশে একটি পরিবর্তন আনা হয়—খাওয়াজা নাফায়ের জায়গায় দলে ফেরেন ফখর জামান। নিউজিল্যান্ডও তিনটি পরিবর্তন করে; অধিনায়ক মিচেল স্যান্টনার পেটের অসুস্থতা কাটিয়ে ফেরেন, সঙ্গে ছিলেন লকি ফার্গুসন ও ইশ সোধি।
কিন্তু টসের কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি বাড়তে থাকে। প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষার পর মাঠে পানি জমে থাকায় ম্যাচ রেফারি খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।
এই পরিত্যক্ত ম্যাচ শুধু পয়েন্ট ভাগাভাগিতেই সীমাবদ্ধ থাকেনি; সুপার এইটের বাকি ম্যাচগুলোকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। কলম্বোর আবহাওয়া অনিশ্চিত হওয়ায় ভবিষ্যতেও বৃষ্টির শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে একটি পরাজয় বা আরেকটি ম্যাচ ভেস্তে গেলে পাকিস্তানের সেমিফাইনাল স্বপ্ন বড় ধাক্কা খেতে পারে। সুপার এইটে রিজার্ভ ডে না থাকায় বাকি দুটি ম্যাচ—ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে—এখন কার্যত পাকিস্তানের জন্য ‘মাস্ট-উইন’। দুটি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে পাঁচ, যা সেমিফাইনালে ওঠার জন্য যথেষ্ট হতে পারে। তবে একটি হারলে হিসাব জটিল হয়ে যাবে এবং অন্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।
পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০১৬ সালের পর নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান অপরাজিত ছিল। সেই রেকর্ড কাজে লাগানোর সুযোগও বৃষ্টিতে হারাল তারা। ইংল্যান্ডের বিপক্ষে অতীত রেকর্ড পাকিস্তানের জন্য সুবিধাজনক নয়; টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও ইংল্যান্ডকে হারাতে পারেনি (০-৩)। তবে কলম্বোর স্পিন সহায়ক উইকেটে পাকিস্তানের বোলিং আক্রমণ কিছুটা সুবিধা পেতে পারে।
সবচেয়ে কঠিন পরীক্ষা হতে পারে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। জিম্বাবুয়ের কাছে অপ্রত্যাশিত হার সত্ত্বেও নিজেদের ঘরের মাঠে লঙ্কানরা বরাবরই শক্ত প্রতিপক্ষ।
আগামী ২৪ ফেব্রুয়ারি পাকিস্তান মুখোমুখি হবে ইংল্যান্ডের। পরদিন নিউজিল্যান্ড খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপের শীর্ষ দুই দলই সেমিফাইনালে উঠবে—এই বাস্তবতায় প্রতিটি ম্যাচই পাকিস্তানের জন্য নকআউটের সমান গুরুত্বপূর্ণ।
এমএস/