দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৃষ্টিভেজা আবহ ও ধীরগতির উইকেট আগে থেকেই লো স্কোরিং ম্যাচের পূর্বাভাস দিলেও শেষ হাসি হাসলো ইংল্যান্ড। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে শ্রীলঙ্কাকে ৫১ রানে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে থ্রি লায়ন্সরা।
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬.৪ ওভারে মাত্র ৯৫ রানে গুটিয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। ইংল্যান্ডের নিয়ন্ত্রিত ও ধারালো বোলিংয়ের সামনে শুরু থেকেই ছন্দ খুঁজে পায়নি লঙ্কান ব্যাটিং লাইনআপ।
ইনিংসের শুরুতেই জোফরা আর্চারের আঘাতে ফেরেন পাথুম নিশাঙ্কা। চতুর্থ ওভারে উইল জ্যাকসের জোড়া আঘাতে চাপ বাড়ে শ্রীলঙ্কার ওপর। কুশল মেন্ডিস ও পাভান রথনায়েক দ্রুত বিদায় নিলে ২০ রানে ৩ উইকেট হারায় দলটি।
এরপর আর্চার ও জ্যাকসের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিতভাবে উইকেট পড়তে থাকে। ৫.৫ ওভারে ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক দাসুন শানাকা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা স্থায়ী হয়নি। শানাকা ২৪ বলে ৩০ রান করে শেষ ভরসাটুকুও হারান। ইংল্যান্ডের হয়ে উইল জ্যাকস ৪ ওভারে ২২ রানে ৩ উইকেট নেন। লিয়াম ডসন ও আদিল রশিদ দুটি করে উইকেট শিকার করেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডেরও। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। তবে ফিল সল্ট এক প্রান্তে দৃঢ়তা দেখান। ৪০ বলে ৬২ রানের ঝকঝকে ইনিংসে (৬ চার, ২ ছক্কা) দলকে লড়াই করার মতো পুঁজি দেন এই ওপেনার।
হ্যারি ব্রুকের ছোট কিন্তু কার্যকর ইনিংস এবং শেষ দিকে উইল জ্যাকসের ১৪ বলে ২১ রানের ঝড়ো ক্যামিওতে ইংল্যান্ড ২০ ওভারে ৭ উইকেটে ১৪৬ রান তুলতে সক্ষম হয়।
শ্রীলঙ্কার হয়ে দুনিথ ওয়েলালাগে ৩ উইকেট নেন। দিলশান মাদুশাঙ্কা ও মাহিশ থিকশানা পান দুটি করে উইকেট।
এই জয়ে সুপার এইটের গ্রুপ–২ আরও জমে উঠেছে। বৃষ্টিতে আগের ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর এটি শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে তাদের বাকি ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই।
অন্যদিকে ব্যাটে–বলে ভারসাম্যপূর্ণ পারফরম্যান্সে ইংল্যান্ড দেখিয়ে দিয়েছে—শিরোপা লড়াইয়ে তারা এখনো অন্যতম দাবিদার।
এমএস/