দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারত নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের দারুণ সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ে এগিয়ে যাওয়া বাংলাদেশ আজ দ্বিতীয় ম্যাচে হেরেছে ১০৮ রানে।
ভারতের দেওয়া ২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার শারমিন আকতার (২) ও মুর্শিদা খাতুন (১২) দ্রুত বিদায় নেন। এরপর ফারগানা হকের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
মাঝে লতা মণ্ডল ৯ রান করে ফিরলেও রিতু মনিকে নিয়ে জুটি বাঁধেন ফারগানা। রিতু ২৭ রান করে ফেরার পর ফারগানা বিদায় নেন ৪৭ রানের ইনিংস খেলে। এরপর আসা আর যাওয়ার মিছিলে মাতে টাইগ্রেস ব্যাটাররা।
এদিন অধিনায়ক নিগার সুলতানাও (৩) সুবিধা করতে পারেননি। শেষ পর্যন্ত ৩৫.১ ওভারে সব উইকেট হারিয়ে ১২০ রানে থামে বাংলাদেশ।
ভারতের পক্ষে ৪ উইকেট নিয়েছেন জেমিমা রদ্রিগজ। ৩ উইকেট নেন দেবিকা বইদ্য।
এর আগে সকালে মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে ভারত। ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও সফরকারীরা ঘুরে দাঁড়ায় অধিনায়ক হারমনপ্রিত কৌর ও জেমিমা রদ্রিগজের ব্যাটে।
হারমন করেন ৫২ রান। জেমিমা খেলেন ৭৮ বলে ৮৬ রানের দুর্দান্ত ইনিংস। এছাড়া ৩৬ রান আসে স্মৃতি মান্দানার ব্যাটে। ২৫ রান আসে হার্লান দেওলের ব্যাটে।
বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন সুলতানা খাতুন ও নাহিদা আকতার। ১টি করে উইকেট নেন মারুফা আকতার ও রাবেয়া খাতুন। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী শনিবার।