দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে যাচ্ছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আজই হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা। মার্কিন সংবাদমাধ্যম ‘এমএস নাও’-এর বরাতে তিনজন হোয়াইট হাউস কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের বৈঠকের কয়েক ঘণ্টা পরই রোনালদো–ট্রাম্প সাক্ষাৎ হবে। একই দিনে যুক্তরাষ্ট্র সফর করবেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও।
সম্প্রতি ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন, ট্রাম্পের সঙ্গে দেখা করার ইচ্ছার কথা। তিনি বলেন, বিশ্ব শান্তি নিয়ে আলোচনা করাই হবে তার প্রধান লক্ষ্য।
রোনালদোর ভাষায়, ‘পৃথিবী শান্তিতে থাকুক এটাই আমাদের লক্ষ্য। ট্রাম্প এমন একজন, যিনি পৃথিবীকে বদলাতে সাহায্য করতে পারেন।’
রোনালদো আরও জানান, যুক্তরাষ্ট্রে যা-ই ঘটুক, তিনি ট্রাম্পের সঙ্গে বসে কথা বলার সুযোগ চান। সৌদি আরবে ট্রাম্পের সাম্প্রতিক সফর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমি আশা করি একদিন তার সঙ্গে বসে কথা বলতে পারব। তিনি এমন একজন, যাকে আমি সত্যিই পছন্দ করি এবং মনে করি তিনি কাজ করতে পারেন।’
এদিকে ২০২৬ বিশ্বকাপের টিকিট ইতোমধ্যে নিশ্চিত করেছে রোনালদোর পর্তুগাল। বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হারলেও পরের ম্যাচে আর্মেনিয়াকে ৯-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে জায়গা পাকাপোক্ত করে রবার্তো মার্টিনেজের দল। তবে আয়ারল্যান্ডের এক খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করার ঘটনায় নিষেধাজ্ঞার শঙ্কায় রয়েছেন রোনালদো, ফলে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে তাকে দেখা নাও যেতে পারে।
এমএস/