দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাওয়া চোটে গুরুতরভাবে আহত হয়েছেন ভারতের অভিজ্ঞ ব্যাটার শ্রেয়াস আইয়ার। চোটের কারণে তাকে সিডনির এক হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, আইয়ার শারীরিকভাবে স্থিতিশীল আছেন এবং ধীরে ধীরে সেরে উঠছেন।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, স্ক্যান করার পর শ্রেয়াস আইয়ারের প্লীহায় চিড় ধরা পড়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন। সিডনি ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে। দলের এক চিকিৎসক সিডনিতেই থেকে প্রতিদিন আইয়ারের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন।
ঘটনাটি ঘটে গত শনিবার সিডনিতে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ওয়ানডেতে। ম্যাচের প্রথম ইনিংসে অ্যালেক্স ক্যারির একটি ক্যাচ নিতে দৌড় দেন আইয়ার। ক্যাচটি নিলেও সঙ্গে সঙ্গে পাঁজরের কাছে ব্যথা অনুভব করেন তিনি। পরে দলের মেডিকেল স্টাফের সহযোগিতায় মাঠ ছাড়েন এবং তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়।
চোটের কারণে তিনি আর ম্যাচে ফিরতে পারেননি। সেই ম্যাচে জয় পেলেও ভারত শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে যায় ওয়ানডে সিরিজে। এখনও নিশ্চিত নয়, কবে মাঠে ফিরতে পারবেন ৩১ বছর বয়সী এই ব্যাটার।
বিসিসিআই জানিয়েছে, তার সুস্থতা নিয়ে আপাতত দীর্ঘ সময় লাগতে পারে। ওয়ানডে দলের বাকি ক্রিকেটাররা দেশে ফিরলেও আইয়ারের দেখভালের জন্য দলের এক চিকিৎসক সিডনিতে রয়েছেন।
এদিকে ভারতের টি-টোয়েন্টি দল ইতোমধ্যেই ক্যানবেরায় পৌঁছেছে, যেখানে মঙ্গলবার থেকে শুরু হবে তাদের অনুশীলন। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে বুধবার। এই দলে নেই শ্রেয়াস আইয়ার।
ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, যা শুরু হবে আগামী ৩০ নভেম্বর রাঁচিতে। তবে সেই সিরিজে আইয়ারের খেলার সম্ভাবনা এখনও অনিশ্চিত।
জে আই/ আরএ