দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারী ক্রিকেট বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে একমাত্র অপরাজিত দল হিসেবে গ্রুপ পর্ব শেষ করেছে অস্ট্রেলিয়া। হোলকার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অজি মেয়েরা ১৬.৫ ওভার খেলে মাত্র তিন উইকেট হারিয়ে সহজ লক্ষ্য পূরণ করে।
অস্ট্রেলিয়ার স্পিনার অ্যালেনা কিং নিজের বোলিং দিয়ে ইতিহাস গড়েন। ৭ ওভারে মাত্র ১৮ রান দিয়ে সাতটি উইকেট শিকার করে তিনি নারী বিশ্বকাপে সর্বকালের সেরা বোলিং ফিগার তৈরি করেন। এর আগে ১৯৮২ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের জ্যাকি লর্ডের ১০ রানে ৬ উইকেট নেওয়ার রেকর্ড ছিল সেরা। এছাড়া, এটি মেয়েদের ওয়ানডে ক্রিকেটের চতুর্থ সেরা বোলিং রেকর্ড।
দক্ষিণ আফ্রিকার ইনিংসে সর্বোচ্চ রান আসে অধিনায়ক লরা উলভার্টের ব্যাট থেকে। ২৬ বলে ৩১ রান করা উলভার্টের ইনিংস দলকে ৩২ রানে প্রথম উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ দেয়। তবে কিংয়ের ঝড়ো বোলিং প্রোটিয়া মেয়েদের ইনিংসকে ২৪ ওভারে ৯৭ রানে শেষ করে।
লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতে দুই উইকেট হারিয়ে বিপদে পড়লেও, জর্জিয়া ভোল ও বেথ মোনির ৭৭ রানের জুটি দলকে জয়ের কাছাকাছি নিয়ে আসে। মোনি ৪১ বলে ৪২ রান করে ফেরার পর আনাবেল সুদারল্যান্ড ৪ বলে ১০ রান করে দলকে জয় নিশ্চিত করেন।
অস্ট্রেলিয়ার আগামী প্রতিপক্ষ সেমি-ফাইনালে হবে স্বাগতিক ভারত, আর ফাইনালের টিকিটের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে ইংল্যান্ডের বিপক্ষে।
জে আই