দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লিওনেল মেসির অনুপস্থিতিতে বড় ধাক্কা খেল ইন্টার মায়ামি। সোমবার (১১ আগস্ট) ভোরে এমএলএসে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে অরল্যান্ডো সিটি ৪-১ গোলের জয় তুলে নিয়েছে। দুই অর্ধে একটি করে গোল করেছেন লুইস মুরিয়েল, আর মার্টিন ওহেদা ও মার্কো পাসালিচ করেছেন একটি করে গোল।
ম্যাচের শুরুতেই মাত্র ২ মিনিটে গোল করে অরল্যান্ডোকে এগিয়ে দেন মুরিয়েল।
তবে ৬ মিনিট পরই ইয়ানিক ব্রাইট তার ক্যারিয়ারের প্রথম গোল করে মায়ামিকে সমতায় ফেরান। এটি ছিল মায়ামির হয়ে তার ৪০তম ম্যাচ। মুরিয়েলের প্রথম গোলটিতে অ্যাসিস্ট করেন ওহেদা। যা তার মৌসুমের ১৩তম অ্যাসিস্ট এবং টানা ১৪ ম্যাচে গোল অবদান রাখার নতুন ক্লাব রেকর্ড।
দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পর মাত্র পাঁচ মিনিটের মধ্যে মুরিয়েল তার মৌসুমের অষ্টম গোল করে অরল্যান্ডোকে আবার এগিয়ে দেন। ৫৮ মিনিটে ওহেদা গোল করে ব্যবধান বাড়ান ৩-১ এ। শেষ দিকে ৮৮তম মিনিটে মার্কো পাসালিচ গোল করে ব্যবধান দাঁড় করান ৪-১ এ।
অরল্যান্ডোর গোলরক্ষক পেদ্রো গালেসে চারটি সেভ করেছেন, যার মধ্যে লুইস সুয়ারেজের একটি দুর্দান্ত লং রেঞ্জ শট ক্রসবারের উপর দিয়ে পাঠিয়েছেন তিনি।
মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারি করেছেন আটটি সেভ।
মেসির অনুপস্থিতিতে আক্রমণে ধার হারায় মিয়ামি। চোটের কারণে এই ম্যাচে মাঠে নামেননি আর্জেন্টাইন সুপারস্টার। চলতি মৌসুমে তিনি ২৩ ম্যাচে ১৮ গোল করেছেন।
ম্যাচ শেষে হতাশ স্বরে মিয়ামি কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘আজ কোনো অজুহাত নেই। ফুটবল ট্যাকটিক্স, সংগঠন, প্রতিভা—সব কিছুর সমন্বয়, কিন্তু একে একে লড়াইয়ে তারা আমাদের চেয়ে ভালো ছিল। আমাদের ক্ষুধা ও জেদ ছিল না। তীব্রতা ছাড়া জেতা যায় না, দুর্ভাগ্যজনকভাবে, আমরা সেই তীব্রতাই দেখাতে পারিনি।’
এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে চতুর্থ স্থানে উঠে এসেছে অরল্যান্ডো সিটি। তাদের কোচ অস্কার পারেজা সব প্রতিযোগিতা মিলিয়ে ১০০তম জয়ের দ্বারপ্রান্তে। অন্যদিকে, ষষ্ঠ স্থানে থাকা ইন্টার মায়ামির হাতে শীর্ষ চারের তুলনায় তিনটি ও পঞ্চম স্থানে থাকা কলম্বাস ক্রুর তুলনায় দুটি ম্যাচ বেশি রয়েছে।
আগামী শনিবার নিজেদের মাঠে এলএ গ্যালাক্সির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। একই দিনে অরল্যান্ডো সিটি খেলবে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে।
/অ