দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটলেও আয়োজক দেশগুলোর কাছে ১০টি শর্ত দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। শনিবার (৯ মে) ইরান ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, তাদের জাতীয় দল বিশ্বকাপে অংশ নেবে। তবে চলমান মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর কাছে বিশেষ নিরাপত্তা ও সম্মান নিশ্চিতের দাবি জানিয়েছে তারা।
গত মাসে ফিফা কংগ্রেসে অংশ নিতে গিয়ে কানাডায় প্রবেশে বাধার মুখে পড়েন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মাহদি তাজ। এরপর থেকেই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর বিশ্বকাপে দেশটির অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। তবে ইরানিয়ান ফুটবল ফেডারেশন তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘আমরা অবশ্যই ২০২৬ বিশ্বকাপে অংশ নেব। তবে আয়োজকদের আমাদের উদ্বেগগুলোকেও গুরুত্ব দিতে হবে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা আমাদের বিশ্বাস, সংস্কৃতি ও দৃঢ় অবস্থান থেকে বিচ্যুত না হয়েই বিশ্বকাপে অংশ নেব।’
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ফেডারেশন সভাপতি মাহদি তাজ বলেন, বিশ্বকাপে অংশ নিতে তারা ১০টি শর্ত দিয়েছে। এসব শর্তের মূল বিষয় হলো— ইরানি প্রতিনিধি দলের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করা।
শর্তগুলোর মধ্যে রয়েছে, খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য নির্বিঘ্নে ভিসা প্রদান, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন, বিমানবন্দর থেকে হোটেল ও স্টেডিয়ামে যাতায়াতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের ফুটবলারদের বিশ্বকাপে স্বাগত জানানো হবে। তবে যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
এ বিষয়ে মাহদি তাজ বলেন, ‘সব খেলোয়াড় ও টেকনিক্যাল স্টাফকে কোনো ঝামেলা ছাড়াই ভিসা দিতে হবে। বিশেষ করে যারা আইআরজিসিতে সামরিক দায়িত্ব পালন করেছেন, যেমন মেহদি তারেমি ও এহসান হাজসাফি।’
২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘জি’তে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান।
এমএস/